খুলনার তিন হাসপাতালে করোনায় আরও ১১ জনের মৃত্যু

আপডেট : ০২ জুলাই ২০২১, ১১:৫৬

খুলনার তিনটি হাসপাতালে করোনায় আরও ১১জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে ডেডিকেটেড করোনা হাসপাতালে ৮জন, খুলনা জেনারেল হাসপাতালে দুইজন এবং বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০২ জুলাই) সকালে এসব তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতালের মুখপাত্ররা।

করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনার ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৮জন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২০৪জন; যার মধ্যে রেড জোনে ১১০ জন, ইয়োলো জোনে ৪১ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।

খুলনা বিভাগে করোনায় আরও ২৭ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৭

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনা মহানগরীর হাজী মুহসিন রোডের নীতি রানী দে (৫০) ও ডুমুরিয়া উপজেলার মাধুরী মণ্ডল (৬০)। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। হাসপাতালে সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ৬৬ জন।

অন্যদিকে, খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- যশোর জেলারর মনিরামপুর উপজেলার নিরঞ্জন পাল। সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালটির সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান।

সব রেকর্ড ছাড়িয়ে, এক দিনে করোনায় মৃত্যু ১৪৩

তিনি জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন আরও ১০৯ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন ও এইচডিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

ইত্তেফাক/এমআর