রাউন্ড অব সিক্সটিনে নেদারল্যান্ডসকে বিদায় করে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে আসে চেক রিপাবলিক। জন্ম দেয় ইতিহাসের। তবে তাদের স্বপ্নযাত্রা থামলো কোয়ার্টারে এসে। ডেনমার্কের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিলো চেক রিপাবলিক। অন্যদিকে, ১৯৯২ সালের পর প্রথমবারের মতো সেমিফাইনালে পা রাখলো ডেনমার্ক।
ইউরো শুরুর আগে ডেনমার্কের পক্ষে কেউ বাজি ধরেছিলেন? এদেশের কেউ ধরেননি নিশ্চিত। ইউরোপের ২-১জন বিশ্লেষকের মুখে অল্পস্বল্প শোনা যাচ্ছিলো ড্যানিশদের কথা, তবে তাদের গলায়ও জোর ছিলো না। কিন্তু দেখুন, সব সমীকরণ পাল্টে দিয়ে ডেনমার্ক এখন শেষ চারে!

ইতিহাস লিখতে এসে ড্যানিশদের চোখেমুখে দৃঢ় প্রত্যয়। শুরু থেকেই ওরা আক্রমণাত্মক। প্রথম গোলটা আসে ম্যাচ শুরুর বাঁশি বাজার মাত্র ৫ মিনিটের মাথায়। গোলদাতা ডিলানিই।
৪২ মিনিটে স্কোরশিটে নাম তুলেন ডোলবার্গ। ২-০ লিড নিয়ে বিরতিতে যায় ডেনমার্ক।
ফিরে এসে ম্যাচে ফিরতে মরিয়া চেকরা। ৪৯ মিনিটে একটা গোল শোধ করেন প্যাট্রিক শিয়েক। আসরে এটি তার ৫ম গোল। ছুঁয়ে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদোকে।
তবে তার দল অন্য গোল শোধ করতে পারছিলো না। শেষমুহুর্ত পর্যন্ত একের পর এক আক্রমণ শানায় চেকরা। বলদখলেও ছিলো তাদেরই আধিপত্য। তারপরও হার মেনে মাঠ ছাড়তে হয় তাদেরকে।
অন্যদিকে সেমিতে পা রাখার আনন্দে বিভোর ডেনমার্ক। ১৯৯২ সালে শেষমুহুর্তে আসরে নাম লিখিয়ে চমক দেখিয়ে ইউরো জিতে নেয় ডেনমার্ক। এবার আবারো তেমনকিছুর স্বপ্ন দেখতেই পারে তারা। ইউরোর ট্রফিটা আর স্রেফ দুই কদম দূরে!
ইত্তেফাক/এএএন
