ঊনসত্তরের গণঅভ্যুত্থান ছিল মুক্তিযুদ্ধের পূর্ব-লক্ষণ: ড. আতিউর

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৫

‘পাকিস্তান রাষ্ট্রের শুরু থেকেই বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর কাছে বৈষম্যের নীতি এবং এর অবাস্তবতাগুলো প্রকট হয়ে ধরা দিয়েছিল। নিম্নবিত্ত, কৃষক ও শ্রমিকের সাথে নাড়ির সংযোগ থাকার কারণেই তাদের এমন অনুভূতি হয়েছিলো। এই ধারাবাহিকতায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সময়ে এসে বাঙালি নেতৃত্ব স্বাধীন বাংলার স্বপ্ন দেখতে শুরু করে এবং শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়।’ বলেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং উন্নয়ন সমন্বয়ের সভাপতি অধ্যাপক ড. আতিউর রহমান।

রবিবার (০৩ ফেব্রুয়ারি ২০১৯) বাংলা একাডেমিতে অমর একুশে গ্রন্থমেলার মূলমঞ্চে এক সেমিনারে তিনি এ কথা বলেন। বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক সৈয়দ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এই সেমিনারে ‘ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সূবর্ণজয়ন্তী’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস। সেমিনারে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসির উদ্দিন ইউসুফ।  

ড. আতিউর বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে চুয়ান্ন’র নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ৬-দফা আন্দোলন এবং অবশেষে ঊনসত্তরের গণঅভ্যুত্থান হয়ে মুক্তিযুদ্ধ পর্যন্ত যে মধ্যবিত্তরা সামনে থেকে পাকিস্তান-বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলো তারা ছিলো সনাতনি মধ্যবিত্তের চেয়ে খানিকটা ভিন্ন। পাকিস্তান আমলের শুরু থেকেই নানা ঘাত-প্রতিঘাতে তারা বুঝতে পেরেছিলো এই শাসক শ্রেণীর বৈষম্যমূলক নীতির কারণে শ্রেণী হিসেবে তাদের বিকাশ অনিশ্চিত, এমন কি অনেক ক্ষেত্রে অসম্ভবও। তাই সনাতনি মধ্যবিত্তের মতো তারা নিজেদের শাসক শ্রেণীর অংশ মনে করেনি কখনো। বরং সেদিনের রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে বঙ্গবন্ধুর দূরদৃষ্টির কারণে, এই মধ্যবিত্ত শ্রমিক, কৃষক, ছাত্র, জনতার সাথে এমনভাবে সম্পৃক্ত হয়ে পড়েছিলো যে তাদের পক্ষে সুবিধাবাদী পথে এগুনোর সুযোগ ছিলো না বললেই চলে। তাই মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্বে এদেশের সকল স্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলো।

আরও পড়ুনঃ ধর্ষণের সময় চিৎকার করায় শিশুকে হত্যা করলো শিক্ষক

তিনি বলেন, ধারাবাহিক আন্দোলনের ফল হিসেবে ঊনসত্তরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে হয়েছিলো গণঅভ্যুত্থান। গণভ্যুত্থানের সাফল্য মানুষের মনে যে মুক্তির আকাক্সক্ষা জন্ম দিয়েছিলো তার যথার্থ প্রতিফলন ঘটিয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন সমগ্র জাতির আশা-আকাক্সক্ষার প্রতীক, সত্তরের নির্বাচনে পেয়েছিলেন ব্যাপক বিজয়। এবং শেষ পর্যন্ত তাঁরই নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিলো।

ইত্তেফাক/টিএস