লকডাউনের পঞ্চমদিনে রাজধানীতে ৪১৩ জন আটক

আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৯:২৫

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ অমান্য করে বাইরে আসায় পঞ্চমদিনে ঢাকায় আটক হয়েছে ৪১৩ জন। জরিমানা করা হয়েছে ১৩ লাখ টাকারও বেশি।

পাশাপাশি ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২৪৩ জনকে ৯৮ হাজার ৪৫০ টাকা এবং ৫২৬টি গাড়িকে ১২ লাখ ২৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, সোমবার (৫ জুলাই) লকডাউনের পঞ্চম দিনে অভিযানকালে এসব ব্যক্তি ও যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় ডিএমপির ৮টি বিভাগ।

                    

কঠোর বিধিনিষেধের পঞ্চমদিনে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের চেয়ে প্রধান সড়কেও লোকের সমাগম বেড়ে গেছে। গলির ভেতরে অযথায় জটলা করছেন অনেকে।

অপর দিকে মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখারুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা বিনা কারণে ঘর থেকে বের কিংবা স্বাস্থ্যবিধি মানছিলেন না। মূলত এ কারণেই মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অ্যাক্ট আইনে মামলা করা হয়। তাদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হচ্ছে।

                     

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে লকডাউনের প্রথম দিনে সাড়ে ৫৫০, দ্বিতীয় দিন ৩৪৬ ও তৃতীয় দিন ৬২১ ও চতুর্থ দিনে ৬১৮ জন আটক করা হয়। 

ইত্তেফাক/এসআই