ফাইনালে ওঠার যুদ্ধে মুখোমুখি ইতালি-স্পেন

আপডেট : ০৬ জুলাই ২০২১, ২১:০৩

ফুটবল সমর্থকদের জন্য আরেকটি রোমাঞ্চের রাত আজ। ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মুখোমুখি ইউরোপের দুই পরাশক্তি ইতালি ও স্পেন। আসরের হট ফেবারিট ধরা হচ্ছিলো যাদেরকে, তাদেরই এক দলকে আজ বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। ওয়েম্বলিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। 

চলমান আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে সবক’টিতেই জয় পেয়েছে ইতালি। এর আগে এমন রেকর্ড করতে পারে নি কোন দল। এ নিয়ে টানা ৩২ ম্যাচে অপরাজিত রবার্তো মানচিনির ইতালি। 

অন্যদিকে আসরে উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে স্প্যানিশরা। আসরের প্রথম ২ ম্যাচে ড্রয়ের পর, পরপর ২ ম্যাচে তারা জয় পায় বিশাল ব্যবধানে। এরপর কোয়ার্টার ফাইনালে আবারো কষ্টার্জিত জয় পায় সুইজারল্যান্ডের বিপক্ষে। ইতালির বিপক্ষে কি ছক কষেন লুই এনরিকে সেটিই এখন দেখার বিষয়। 

পরিসংখ্যানের পাতা থেকে

সবশেষ ১৪ ম্যাচের মধ্যে মাত্র ২ বার জয় পেয়েছে ইতালি। এরমধ্যে গেল ইউরোর রাউন্ড অব সিক্সটিনে স্পেনকে হারায় তারা। ৭ বারই জিতেছে স্পেন। 

তবে ইউরো কিংবা বিশ্বকাপের মতো আসরগুলোতে জয় বেশি ইতালির। এর আগে এই দুই মেজর টুর্নামেন্টে ২ দল খেলেছে ৯ বার। এরমধ্যে ৪ ম্যাচে জিতেছে ইতালিয়ানরা। ১টি জয় আছে স্পেনের। 

এ নিয়ে ইউরোতে টানা ৪র্থ বার নকআউটে মুখোমুখি ইতালি-স্পেন। ২০০৮ ও ২০১২ সালে জয় পায় স্পেন। ২০১৬’র ইউরোতে জয় পায় ইতালি।

 

ইত্তেফাক/এএএন