কুবিতে নির্মাণাধীন ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শ্রেণীকক্ষ সংকটের কারণে অনুমতি না থাকা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ নির্মাণাধীন ভবনেই চলছে পাঠদান। বিশ্ববিদ্যালয়ের ‘একাডেমিক ভবন-৪’ এর নির্মাণাধীন ভবনের নিচতলায় চলছে আইন বিভাগের পাঠদান প্রক্রিয়া। ভবনটির নিচতলার কাজও সম্পূর্ণ হয়নি। ঝুঁকিপূর্ণ অবস্থা মোকাবিলায় নাই কোন নিরাপত্তা বেষ্টনী। কিছু কাগজে ‘ভবনের কাজ চলছে যাতায়াতে সতর্কতা অবলম্বন করুন’ লিখে সাঁটানো হয়েছে দেয়ালে। এতে যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সম্প্রসারিত অংশের কাজ করতে গিয়ে গাঁথুনি দেয়া ইট ছুটে গায়ে পড়ায় মারাত্মকভাবে আহত হন সারওয়ার হোসেন (৪০) নামের এক শ্রমিক। এর আগেও গত বছরের ২ ডিসেম্বর চার তলা ভবন থেকে পড়ে একজন শ্রমিক গুরুতর আহত হয়।

নিরাপত্তার জন্য কোন ব্যবস্থা নেওয়া হয়নি জানিয়ে আইন বিভাগের শিক্ষার্থী আরিফ আহমেদ বলেন, ‘শ্রেণিকক্ষ সংকটের কারণে আমাদের ক্লাস এখানেই হচ্ছে। ভবনের নিচ দিয়ে যাতায়াত করতে গিয়ে ভয়ে থাকতে হয়; কখন গায়ে ইটের টুকরো ছিটকে পরে।’

নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দফতরের সহকারী পরিচালক মো. শাহাবুদ্দিন বলেন, ‘ওই ভবনে পাঠদানের বিষয়ে আমি অবগত না। এ ব্যাপারে রেজিস্ট্রারের সাথে কথা বলবো।’

আরো পড়ুন: সাবেক স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের ইত্তেফাককে বলেন, ‘ওই ভবনে ক্লাস নেওয়ার কোন অনুমতি দেওয়া হয়নি। তারপরেও কেন নেওয়া হচ্ছে, বিষয়টি আমরা দেখছি।’

রেজিস্ট্রারের লিখিত অনুমতি না থাকা সত্ত্বেও কেন সেখানে পাঠদান করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে আইন বিভাগের বিভাগীয় প্রধান রোকসানা আক্তার বলেন, ‘শ্রেণিকক্ষ সংকট থাকায় চারটি ব্যাচের ক্লাস চালিয়ে নিতে মাঝে মাঝে আমরা ওই ভবনে ক্লাস নিচ্ছি তবে সেটা নিয়মিত না। লিখিত অনুমতি না থাকলেও আইন ও বিজ্ঞান অনুষদের ডিনকে বিষয়টি অবহিত করেছি। এটা যেহেতু ঝুঁকিপূর্ণ তাই সেখানে আর ক্লাস নেওয়া হবেনা।’

ইত্তেফাক/বিএএফ