ইন্দোনেশিয়ায় চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাকের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের ট্রায়ালের প্রধান বিজ্ঞানী নোভিলিয়া জাফরি বাচতায়ার (৫০) মৃত্যুবরণ করেছেন। ধারণা করা হচ্ছে, তিনি ভাইরাসটিতে আক্রান্ত ছিলেন। গতকাল বুধবার (৭ জুলাই) তিনি মারা যান বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
বিশ্বের যে কয়েকটি দেশে সিনোভ্যাক টিকার ব্যাপক ব্যবহার হচ্ছে, ইন্দোনেশিয়া তাদের মধ্যে অন্যতম। দেশটিতে করোনার প্রকাপ আবারও বাড়ছে। মৃত্যুবরণ করছেন অসংখ্য মানুষ। এর মাঝেই শীর্ষস্থানীয় এই বিজ্ঞানীর মৃত্যুর খবর এলো।
স্থানীয় সংবাদমাধ্যম কুমপারান নিউজ সার্ভিস জানিয়েছে, বিজ্ঞানী নোভিলিয়া জাফরির করোনায় মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যালস কোম্পানি বায়োফার্মার এক কর্মকর্তা জানান, করোনা বিধি মেনেই তাকে দাফন করা হয়েছে।
ইন্দোনেশিয়ার উদ্যোগবিষয়ক মন্ত্রী এরিক থোহির ইনস্টাগ্রামে জাফরির মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, তার মৃত্যু বায়োফার্মার জন্য বিশাল ক্ষতি। তবে তিনি মৃত্যুর কোনো কারণ উল্লেখ করেননি।

বায়োফার্মার কয়েক ডজন টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের প্রধান ছিলেন এই বিজ্ঞানী। তিনি করোনা টিকার ট্রায়ালেরও প্রধান বিজ্ঞানী ছিলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইন্দোনেশিয়া নতুন করে করোনার বৈশ্বিক ‘হটস্পটে’ পরিণত হয়েছে। মহামারির প্রকোপ সামলাতে তারা এতটাই হিমশিম খাচ্ছে যে হাসপাতালগুলোতে আর জায়গা খালি নেই। বেড না থাকায় রোগীদের ফেরত পাঠানো হচ্ছে।
ইত্তেফাক/টিএ
