ম্যাট ডেমন বলে কী!

আপডেট : ১০ জুলাই ২০২১, ০৯:৫৭

কী দৌড়াদৌড়িটাই না গেলো হলিউড তারকা ম্যাট ডেমনের! শুক্রবারের (৯ জুলাই) কর্মকাণ্ড বললেই বোঝা যাবে। এদিন স্থানীয় সময় দুপুর দেড়টায় কান চলচ্চিত্র উৎসবের মূলকেন্দ্র পালে দে ফেস্টিভাল ভবনের তিনতলার ছাদবারান্দায় ফটোকলে অংশ নেন তিনি। এরপরই চলে আসেন সংবাদ সম্মেলন কক্ষে। সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েই তিনতলার আরেক প্রান্তে সাল বুনুয়েল প্রেক্ষাগৃহে হাজির হতে হয়েছে তাকে। এখানে ঘণ্টাদেড়েক ক্যারিয়ার, সাফল্য, অনুপ্রেরণা ও চলচ্চিত্র নিয়ে আড্ডা দিয়েছেন ৫০ বছর বয়সী এই আমেরিকান তারকা। বুঝুন তাহলে!

মাস্টারক্লাসে ম্যাট ডেমন অবাক করা তথ্য জানালেন। জেমস ক্যামেরনের সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘অ্যাভাটার’ ফিরিয়ে দিয়েছিলেন তিনি! অভিনয় করলে ১০ শতাংশ লাভের ভাগও পেতেন। কিন্তু ‘জেসন বোর্ন’ সিরিজের ছবি নিয়ে ব্যস্ত থাকায় প্রস্তাবটিতে হ্যাঁ বলার সুযোগ ছিলো না তার।

অস্কারে সাড়াজাগানো ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ (২০১৬) ছবিটি ম্যাট ডেমনকে হাতছাড়া করতে হয়েছে ‘দ্য মার্শান’-এর কারণে। ক্যারিয়ারে কখনো পরিচালনা না করলেও সেই সম্ভাবনা দু’বার তৈরি হয়েছিলো। নিজের অভিনীত ‘প্রমিসড ল্যান্ড’ (২০১২) এবং ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ পরিচালনা করবেন ভাবলেও পরে আর করেননি।

কান উৎসবের ৭৪তম আসরে প্রতিযোগিতা বিভাগের বাইরে নিজের নতুন ছবি ‘স্টিলওয়াটার’-এর প্রচারণায় ভূমধ্যসাগরের তীরে নোঙর ফেলেছেন ম্যাট ডেমন। গত ৮ জুলাই স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। এর আগে লালগালিচায় পা মাড়িয়েছেন তিনি।

ছবিটির পরিচালক আমেরিকার টম ম্যাককার্থি, ফরাসি অভিনেত্রী ক্যামি কোতা ও আমেরিকান অভিনেত্রী অ্যাবিগেইল ব্রেসলিন। গতকাল রাতে সাল দ্যু সোসানতিয়েমে আবার এটি দেখানো হয়েছে।

সবশেষ ২০১৩ সালে মূল প্রতিযোগিতা বিভাগে থাকা স্টিভেন সোডারবার্গের ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাব্রা’ নিয়ে দক্ষিণ ফ্রান্সের এই সাগরপাড়ে এসেছিলেন অস্কারজয়ী ম্যাট ডেমন। একই পরিচালকের ‘কন্টাজিয়ন’-এ অভিনয় করেছেন ম্যাট ডেমন। করোনার মতোই একটি ভাইরাসের কারণে পৃথিবীর কী বেহাল দশা হয় তা দেখানো হয়েছিলো ২০১১ সালের ছবিটিতে।

কান উৎসবে কয়েক বছর ধরে চলচ্চিত্র প্রদর্শনী, লালগালিচা অনুষ্ঠান, ফটোকল ছাড়াও খ্যাতিমান ব্যক্তিদের মাস্টারক্লাস থাকছে। এবারের আসরে ৬ জুলাই সকাল ১১টায় অস্কারজয়ী দক্ষিণ কোরিয়ার পরিচালক বঙ জুন হো এবং বিকেল ৩টায় দু’বার অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী জোডি ফস্টারের মাস্টারক্লাস ছিলো। উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত অতিথি ছিলেন জোডি। তাকে দেওয়া হয়েছে সম্মানসূচক স্বর্ণ পাম। ১৯৭৬ সালে ‘ট্যাক্সি ড্রাইভার’ কানের প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়ার সুবাদে ছবিটির অভিনয়শিল্পী জোডি ফস্টার পালে দে ফেস্টিভালের সিঁড়িতে প্রথমবার পা রাখেন। তখন তার বয়স মাত্র ১৩ বছর। মার্টিন স্করসেসির ছবিটি স্বর্ণ পাম জেতে। ঠিক ৪৫ বছর পর আবার স্বর্ণ পাম নিতে কানে এলেন জোডি ফস্টার। এবার নিজের জন্য!

আগামী ১৩ জুলাই ফরাসি অভিনেত্রী ইজাবেল উপার, ১৫ জুলাই ইতালিয়ান পরিচালক মার্কো বেলোচ্চিও এবং ১৬ জুলাই মার্কিন পরিচালক স্টিভ ম্যাককুইন মাস্টারক্লাসে কথা বলবেন। সবে ব্যাজধারী সবার জন্য এই আয়োজন উন্মুক্ত। 

ইত্তেফাক/জেএইচ