মেসির সঙ্গে বন্ধুত্ব নিয়ে যা বললেন নেইমার

আপডেট : ১০ জুলাই ২০২১, ১৭:০৯

ব্রাজিল-আর্জেন্টিনা সুপার ক্লাসিক কাল। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ধ্রুপদী লড়াই এবার ভিন্নমাত্রা পাচ্ছে মেসি-নেইমারের কারণে। তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির প্রতিপক্ষ ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। একসময় দু’জনে খেলেছেন বার্সেলোনায়। তাদের গভীর বন্ধুত্বের কথা সবার জানা। যেটি এখনো অটুট। তবে ফাইনালে বন্ধুকে একচুলও ছাড় দিতে রাজি নন নেইমার। ম্যাচের আগে আর্জেন্টাইন সুপারস্টার সম্পর্কে খোলাখুলি কথা বলেছেন ব্রাজিলিয়ান এই তারকা। 

বরাবরের মতোই মেসির প্রশংসায় পঞ্চমুখ নেইমার। বললেন, আমি সবসময়ই বলি মেসি আমার দেখা শ্রেষ্ঠ ফুটবলার। একইসঙ্গে আমার বেশ ভালো বন্ধু। কিন্তু এখন আমরা ফাইনালে, এখানে আমরা প্রতিপক্ষ। আমি ট্রফিটা জিততে চাই। এটি আমার ১ম কোপা আমেরিকা ট্রফি হবে। যে কোন মূল্যে আমি এটি জিততে চাই। 

নেইমার আরো বলেন, আমি জানি অনেক বছর ধরেই জাতীয় দলের হয়ে মেসি একটা ট্রফি জিততে উন্মুখ হয়ে আছে। যতবার ব্রাজিল টুর্নামেন্টে থাকে না, আমি তার পক্ষে গলা ফাটাই। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে মেসি যখন জার্মানির বিপক্ষে খেলতে নামে তখনো আমি তাকে সাপোর্ট দিয়েছিলাম। 

মেসির সঙ্গে যতোই বন্ধুত্ব থাকুক, তার প্রতি যতোই মুগ্ধতা থাকুক, নিজের দেশের স্বার্থে এবার আর আর্জেন্টিনাকে সমর্থন দেয়ার কোন সুযোগই নেই নেইমারের সামনে। 

তিনি বলেন, এখন ব্রাজিল খেলছে ফাইনালে। সুতরাং আমাদের বন্ধুত্ব থাকলেও কিছু করার নেই। আমরা একজন আরেকজনকে শ্রদ্ধা করি, কিন্তু ম্যাচে জিততে পারবে কেবল একজন। নিজের বন্ধুকে ভুলে যাওয়া কঠিন। তবে দেখুন, বন্ধুর সঙ্গে যখন ভিডিও গেইম খেলেন তখনও কিন্তু আপনিই জিততে চাইবেন। এই ম্যাচটাও হবে সেরকমই।

ইত্তেফাক/এএএন