ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সতর্ক করতে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের মাইকিং

আপডেট : ১০ জুলাই ২০২১, ১৮:৫২

কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সমর্থকদের সতর্ক করতে মাইকিং করছে পুলিশ। 

শনিবার সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে সদর মডেল থানা পুলিশের উদ্যোগে মাইকিং করা হচ্ছে। মাইকিংয়ে জরুরি ঘোষণায় বলা হচ্ছে-১১ জুলাই সকাল ৬টায় আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে কোপা আমেরিকা ফাইনাল খেলা হতে যাচ্ছে। উক্ত খেলাটি বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর লকডাউন চলছে। এমতাবস্থায় প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় উন্মুক্তস্থানে- হাটবাজার, রাস্তার মোড়, হোটেল-রেস্টুরেন্টে, চায়ের দোকান, পাড়া মহল্লায় ঘরবাড়িতে বন্ধুবান্ধব একত্রিত হয়ে, গণজমায়েত করে ফুটবল খেলা দেখতে পারবেন না। নিজ নিজ বাসায় বসে খেলা উপভোগ করার জন্যে সকলকে অনুরোধ করা গেল। খেলা শেষে আনন্দ মিছিল,পটকা-আতশবাজি ফুটানো সম্পূর্ণ নিষেধ। 

সদর মডেল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম জানান, সদর মডেল থানার ধামচাইল এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার পর আমরা এমন পরিস্থিতি যাতে না হয় সেজন্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছি। চায়ের দোকান বা উন্মুক্তস্থানে  যাতে বড় পর্দায় খেলা দেখতে না পারে সেজন্যে সতর্ক করা হচ্ছে এবং খেলার ফলাফলের পর যাতে আনন্দ-উল্লাস-মিছিল সমাবেশ করতে না পারে সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। 


ইত্তেফাক/ইউবি