তদন্ত কর্মকর্তার সঙ্গে আসামির সেলফি!

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫২

মামলা তদন্ত করতে গিয়েছিলেন হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তোফায়েল আহমেদ। কিন্তু কথা উঠলো তখনই, যখন এক আসামির সঙ্গে সেলফি তুললেন ওই তদন্ত কর্মকর্তা। সেই সেলফি ফেসবুকে পোস্ট করেছেন মামলার আসামি মো. হাবিবুর রহমান। রবিবার (৩ ফেব্রুয়ারি) হাটহাজারী মনিয়া পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর মো. হাবিবুর রহমানকে ১ নম্বর আসামি করে ছয়জনের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা দায়ের করেন তৌহিদুল আলম নামে এক ব্যক্তি। হত্যার উদ্দেশ্যে মারধর করে জখম, চুরি ও ভয়ভীতির অভিযোগ আনা হয়েছিল।

গত রবিবার ঘটনাস্থল হাটহাজারী মনিয়া পুকুরপাড়ের এনায়েতপুর বাজার এলাকায় যান এসআই মো. তোফায়েল আহমেদ। আর মামলা তদন্তে গিয়ে তিনি আসামির সঙ্গে সেলফি তুলেন।

এ ব্যাপারে জানতে চাইলে আসামির সঙ্গে ছবি তোলার বিষয়টি স্বীকার করে এসআই তোফায়েল আহমেদ বলেন, ‘মনিয়া পুকুরপাড় গেয়েছিলাম তখন ছবি তুলছিল আর কি। এটা কোনো ব্যাপার না। বর্তমান ফেসবুকের যুগ তো বুঝেনই। ও তো আগে থেকে পরিচিত।’

আরও পড়ুন: বরফে ঢাকা ক্যালিফোর্নিয়ায় নিক-প্রিয়াঙ্কার উষ্ণ ভালোবাসা

এসআই তোফায়েল আহমেদের সঙ্গে ছবি তোলা ও সেই ছবি ফেসবুকে আপলোড দেওয়ার বিষয়টি স্বীকার করেন আসামি মো. হাবিবুর রহমান।

ছবি তোলার বিষয়টি জানালে বিস্ময় প্রকাশ করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা বলেন, ‘আসামির সঙ্গে ছবি! তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/এমআই