লকডাউনে কাজ না থাকায় ডাকাতিতে জড়িয়ে পড়ছে বেশ কয়েকটি চক্র। রাজধানীতে ডাকাতিতে জড়িত তিনটি চক্র রয়েছে। দুইটি চক্রকে আইনশৃঙ্খলা বাহিনী ধরলেও অন্যটির সন্ধান কাজ করছে তারা। মিরপুর বেড়িবাঁধে একটি ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে এ সব তথ্য পায় পুলিশ।
গতকাল শনিবার (১০ জুলাই) মিরপুর উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ জেড এম তৈমুর রহমান।
তিনি জানান, ৬ জুলাই রাতে শাহআলী থানাধীন চিড়িয়াখানা লেকের দক্ষিণে এইচ ব্লকের সামনে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান আটক করে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বিভিন্ন তথ্যের ভিত্তিতে শুক্রবার কেরানীগঞ্জের কলাতিয়া বাজার এলাকা থেকে তা উদ্ধার করা হয়। এ সময় ডাকাতিতে জড়িত হৃদয়, সোহেল রানা এবং রায়হানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, একটি মোবাইল ফোন সেট ও নগদ টাকা উদ্ধার করা হয়। পিকআপের মালিক ও চালক রায়হান এরই মধ্যে এ ঘটনার দায় স্বীকার করেছে।
ইত্তেফাক/কেকে
