সংবিধানে বলা আছে কার্যকর গণতন্ত্র থাকবে, নামকাওয়াস্তে নয়: ড. কামাল হোসেন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২৫

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘সংবিধানে আছে দেশে কার্যকর গণতন্ত্র থাকবে, নামকাওয়াস্তে গণতন্ত্র নয়। গণতন্ত্র চলতে পারে না যদি ফ্রি স্টাইলে লুটপাট চলতে থাকে। নির্বাচনে বিতর্ক বা গলদ থাকলে সেখানে অবশ্যই বিতর্ক থাকে। জনগণ আশা করে এখানে যে সরকার আছে সে সংবিধানের ভিত্তিতে দায়িত্ব পালন করবে। রাষ্ট্রের মালিক জনগণ, সংবিধানে এ কথা বলা আছে। এখানে যারা দেশ শাসন করবে তাদেরকে অবশ্যই নির্বাচিত হতে হবে।’

গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মরহুম সাইফউদ্দিন আহমেদ মানিকের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, ‘গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় অবশ্যই পুলিশের ভূমিকা আছে। সবাই চায় পুলিশ আইন মেনে দায়িত্ব পালন করুক, দেশের জনগণকে শ্রদ্ধা করুক, কারণ জনগণ ক্ষমতার মালিক।’

তিনি বলেন, ‘সরকার যদি নিজেকে জনগণের সরকার মনে করে তাহলে অবশ্যই বৈষম্য হ্রাস করবে। কেউ দরিদ্র থাকবে আর কেউ সম্পদের পাহাড় গড়বে এটা তো স্বাধীনতার এতবছর পর কাম্য হতে পারে না।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সবাই মিলে ঐক্যবদ্ধ হলে আমরা সফল হব।’

তিনি আরও বলেন, ‘দেশের মালিক হিসেবে জনগণকেও দায়িত্ব পালন করতে হবে।’

আরও পড়ুনঃ নদী দখল করলে নির্বাচন ও ব্যাংক ঋণে অযোগ্য: হাইকোর্টের রায়

স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মফিজুল ইসলাম খান কামাল, মোকাব্বির খান, জগলুল হায়দার আফ্রিক, আ.ও.ম শফিক উল্লাহ, সাইদুর রহমান সাইদ, মোশতাক আহমদ, খান সিদ্দিকুর রহমান, সাইদুর রহমান সাইদ, রফিকুল ইসলাম পথিক, মিজানুর রহমান মিজান প্রমুখ। এর আগে সকাল ৮টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুম মানিকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান গণফোরাম নেতৃবৃন্দ।

ইত্তেফাক/নূহু