জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে নামার আগে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। দীর্ঘদিন পর দেশটিতে সফরে গেলেও টেস্ট ম্যাচ জিতে বেশ আত্মবিশ্বাসী গোটা দল। ওয়ানডে দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত মনে করেন, জিম্বাবুয়ের বিপক্ষে ভয় পাওয়ার কিছুই নেই দলের।
ওয়ানডের দলটাকে নিয়ে বেশ আশাবাদী এই তরুণ ক্রিকেটার। তিনি মনে করেন, এই সংস্করণে বাংলাদেশ বিশ্বের সেরা দলগুলোর একটি।
মোসাদ্দেক সৈকত বলেন, ওয়ানডেতে আমাদের টিমটা বেশ ভালো। আমাদের দলে ৪জন অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি তরুণরা আছে, যেটা বিশ্বের অন্য কোন দলে নেই। আমাদের অনেক আপশান আছে হাতে, অনেকে বোলিং-ব্যাটিং দুটোই পারে। এটা দলের জন্য বেশ বড় একটা প্লাস পয়েন্ট।
জাতীয় দল ৮ বছর পর জিম্বাবুয়েতে খেলতে গেলেও, সৈকত ২০১৫ সালে গিয়েছিলেন আফ্রিকার দেশটিতে। নিজের অভিজ্ঞতা তুলে ধরেন সৈকত।
তিনি বলেন, ৬ বছর আগে এদেশে খেলতে এসেছিলাম ‘এ’ দলের হয়ে। তখন যেমন দেখেছিলাম কন্ডিশন এখনো তেমনই আছে। টেস্টেও যেটি দেখলাম, উইকেটটা বেশ সহজ। ব্যাটসম্যানদের জন্য এখানে অনেককিছু আছে যদিও বোলারদের জন্য কিছু নেই।

নিজের জন্যও সিরিজটিকে বেশ চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন মোসাদ্দেক সৈকত। তিনি বলেন, নিউজিল্যান্ডে ইনজুরির পর শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছি। চেষ্টা থাকবে যে রোলটা থাকবে সেটা ভালোমতো পালন করার। আমরা যারা একসঙ্গে জাতীয় দলে এসেছি আমাদের জন্য এটা পারফর্ম করার সঠিক সময়। ধারাবাহিকভাবে পারফর্ম করলে দলে নিয়মিত হতে পারবো এবং দলের জন্যও বেশ উপকারী হবে সেটা।
শুক্রবার শুরু হবে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের ১ম ম্যাচ।
ইত্তেফাক/এএএন
