লিভারপুল পয়েন্ট হারানোয় ম্যান সিটির সঙ্গে ব্যবধান কমলো

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৩০

সময়ের সাথে সাথে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির মধ্যে লড়াইটা জমে উঠছে। মৌসুমের শুরুতে ম্যান সিটি অপ্রতিরোধ্য গতিতে এগোলেও মাঝপথে পেপ গার্দিওলার শিষ্যদের পতনে অনেকটাই এগিয়ে যায় লিভারপুল। এবার লিভারপুল পয়েন্ট হারানোয় দুর্দান্ত এক লড়াইয়ের আভাস দিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। শীর্ষ দুই দলের পয়েন্ট ব্যবধান এখন মাত্র ৩।

 

সোমবার রাতে ওয়েস্টহ্যামের মাঠে ১-১ গোলে ড্র করে ফিরেছে ইয়ুর্গেন ক্লপের দল। ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখা লিভারপুল ২২তম মিনিটে বিতর্কিত এক গোলে এগিয়ে যায়। সাইডলাইনের কাছে অ্যাডাম লালানা ছোট করে বল বাড়ান জেমস মিলনারকে। সেসময় পরিষ্কার অফসাইডে ছিলেন এই ইংলিশ মিডফিল্ডার; কিন্তু পাশেই থাকা লাইন্সম্যানের চোখ এড়িয়ে যায়।

 

ছয় মিনিট পর দারুণ এক গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। মিডফিল্ডার ফেলিপে আন্দেরসনের বুদ্ধিদীপ্ত পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে বল ঠিকানায় পাঠান মিডফিল্ডার মিশাইল আন্তোনিও।

 

২৫ ম্যাচ থেকে লিভারপুলের পয়েন্ট ৬২। সমান সংখ্যক ম্যাচ থেকে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ম্যানচেস্টার সিটি। টটেনহ্যাম হটস্পার ৫৭ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

 

ইত্তেফাক/এএম