কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালের মর্গে ছেলের লাশ আটকে রেখে হতদরিদ্র পিতার কাছে ১০ হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে। মর্গের ডোম লক্ষণ ও হীরা লালের দাবিকৃত টাকা দরিদ্র ভ্যানচালক কমল প্রামাণিক দিতে না পারায় তার ছেলের লাশ দিনভর মর্গে আটকে রাখা হয়। পরে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় টাকা ছাড়াই ঐ দুই ডোম লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গাছেরদিয়াড় গ্রামের টলটলি পাড়ার হতদরিদ্র ভ্যানচালক কমল প্রামাণিকের ছেলে শান্ত (১৩) গত সোমবার কীটনাশক পান করে। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তির পর ঐ রাতেই সে মারা যায়। মঙ্গলবার লাশ মর্গে নেওয়ার পর ডোম লক্ষণ ও হীরা লাল বাবা কমল প্রামাণিকের কাছে ১০ হাজার টাকা দাবি করে। টাকা না পেয়ে তারা লাশ দিনভর মর্গেই আটকে রাখে।

এতে লাশের দায়িত্বে থাকা পুলিশ সদস্যেরও সাঁয় ছিল বলে অভিযোগ বাবার। কেননা পুলিশের সহায়তা চেয়েও তিনি কোনো প্রতিকার পাননি বলে জানান। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা মর্গে ছুটে এলে ডোমরা লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করে। যদিও ডোম লক্ষণ টাকা দাবির অভিযোগ অস্বীকার করে।
এবিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এম এ মোমেন জানান, এ ধরনের কোনো অভিযোগ আমার জানা নেই। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ইত্তেফাক/এমআর

