সংক্রমণের সঙ্গে তাল মিলিয়ে ছড়িয়ে পড়েছে বিএনপির মিথ্যাচার

আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৬:২১

বিএনপির মিথ্যাচার ও অপপ্রচার সংক্রমণের মাত্রার সঙ্গে তাল মিলিয়ে উচ্চহারে ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

No description available.

সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের জন্য কিছু তো করবেই না উল্টো সরকার করতে গেলে অপপ্রচার আর গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। করোনা সংক্রমণের শুরু থেকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়া কোনো দলই অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। বিএনপি মুখে বড় বড় কথা বললেও তাদেরকে জনগণের পাশে দাঁড়াতে দেখা যায়নি। এখন রাজনীতি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

সেতুমন্ত্রী বলেন, মানুষের পাশে দাঁড়ানোই এখন একমাত্র রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি। আওয়ামী লীগ মাটি ও মানুষের রাজনীতি করে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি বঙ্গবন্ধু শিখিয়েছেন তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তা করে যাচ্ছেন। লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের এবং প্রান্তিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের প্রয়াস মানবিকতার এক অনন্য নজির। ঈদকে সামনে রেখে সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত রাখতে হবে।

No description available.

ওবায়দুল কাদের বলেন, টিকা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় টিকা যথাসময়ে দেশে আসবে। এ নিয়ে অযথা বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই। করোনা প্রতিরোধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলতে হবে। জনগণ স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করলে লকডাউনের প্রয়োজন হবে না। মাস্ক পরিধানের মধ্যেই রয়েছে করোনা থেকে মুক্তির কার্যকর পথ।

No description available.

পরে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন নেতারা। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ। 

ইত্তেফাক/এনএ