কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘অল দ্য ক্রোস ইন দ্য ওয়ার্ল্ড’। এতে দেখানো হয়েছে, ১৮ বছরের স্কুলছাত্রী শনেন এক রাতে প্রাপ্তবয়স্কদের রোমাঞ্চকর জগতে ঢুকে পড়ে।
ছোট দৈর্ঘ্যের ছবিটি পরিচালনা করেছেন হংকংয়ের ই ট্যাঙ। তাকে দেওয়া হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের স্বর্ণ পাম। পুরস্কার তুলে দেন স্বল্পদৈর্ঘ্য ও সিনেফঁদাসো বিভাগের বিচারক সামে আলা ও মুনিয়া মেদুর।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্পেশাল মেনশন পেয়েছে নারী নির্মাতা জেসমিন তেনুচির ‘অগাস্ট স্কাই’। এর গল্পে দেখা যায়, আমাজন বন আগুনে পোড়ার ১৭তম দিনে সাও পাওলোতে একজন নার্স গির্জার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে।
শনিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ২৫) পালে দে ফেস্তিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বসে কানের জমকালো সমাপনী আসর। অনুষ্ঠান শুরুর আগে লালগালিচায় আলোকচিত্রীদের সামনে দাঁড়িয়েছেন তারকারা।
গত ৬ জুলাই কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের পর্দা ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনী আয়োজনের মাস্টার অব সিরিমনিস ফরাসি অভিনেত্রী দোরা তিলিয়ের।
এবারের আয়োজনের অফিসিয়াল পোস্টারে মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের সভাপতি স্পাইক লি’কে সম্মান জানানো হয়েছে। ১২ দিনের এই উৎসবকে ঘিরে নতুন সব ছবি ও নানান আয়োজনে মুখর ছিল দক্ষিণ ফরাসি উপকূলীয় শহর কান।
ইত্তেফাক/জেএইচ
