চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট

২০২০-২১ অর্থবছরে সাড়ে ৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায় 

আপডেট : ২০ জুলাই ২০২১, ২০:৫০

২০২০-২১ অর্থবছরে ৯ হাজার ৪৪০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম। ২০১৯-২০ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিল ৮৮৬৬ কোটি টাকা। 

করোনা মহামারির মধ্যেও বিগত বছরের তুলনায় ৫৭৪ কোটি টাকা বেশি আদায় হয়েছে। প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ। গত অর্থবছরের তুলনায় নিবন্ধন সংখ্যা বেড়েছে প্রায় ৪৫ শতাংশ। ২০১৯-২০ অর্থবছরে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান ছিল ২১ হাজার ১৪টি। ২০২০-২১ অর্থবছরে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ৯৪টি। 

জুন মাসের তথ্য পর্যালোচনায় দেখা যায়, রিটার্ন দাখিলকারী প্রতিষ্ঠানের সংখ্যা ২৩ হাজার ১৯৬টি। নিবন্ধনের তুলনায় রিটার্ন দাখিলের হার ৭৭ শতাংশ। অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ২১ হাজার ৫১২টি, শতকরা হিসাবে যা প্রায় ৭০ শতাংশ।  অনলাইনে অথবা মোট রিটার্ন দাখিলের সংখ্যার ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের ১২টি ভ্যাট কমিশনারেটের মধ্যে এই কমিশনারেটেই সবচেয়ে বেশি রিটার্ন দাখিল করা হয়ে থাকে। 

করোনা অতিমারির এই অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে বছরের উল্লেখযোগ্য সময় কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার পর্যটন এলাকা বন্ধ ছিল। হোটেল, রেস্টুরেন্ট, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টারসহ বেশকিছু সার্ভিস সেক্টরের কার্যক্রম সীমিত ছিল। নানা প্রতিকূলতার মধ্যেও এই বিশাল অর্জন সর্বমহলে প্রশংসিত হয়েছে বলে জানিয়েছেন কমিশনার মোহাম্মদ আকবর হোসেন। 

চৌমুহনীর কর্ণফুলী মার্কেটে অবৈধ জর্দা ও গুল আটক করেছে কাস্টমস | CPLUSTV

তিনি বলেন, করদাতাদের অনুরোধের প্রেক্ষিতে তার দপ্তর অনলাইনে সহজে নিবন্ধন ও  রিটার্ন দাখিলের জন্য ৮টি বিভাগীয় দপ্তরের মাধ্যমে ৩টি ভ্যাট মেলার আয়োজন করে। মার্কেটে ভ্যাট বুথ স্থাপনের মাধ্যমে কাঙ্ক্ষিত সেবা প্রদান করেছে। যার প্রভাব রাজস্ব আদায়সহ অন্যান্য অর্জনে প্রতিফলিত হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি