দক্ষিণ সিটির ৭৫ ওয়ার্ডের ২য় দিনের বর্জ্য অপসারণ সম্পন্ন

আপডেট : ২৩ জুলাই ২০২১, ০৮:২৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের দ্বিতীয় দিনের কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (২২ জুলাই) রাতের মধ্যেই সম্পূর্ণ বর্জ্য অপসারণ করা হয়েছে।

দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানিয়েছেন, এখন পর্যন্ত মোট ৩ হাজার ৪৩৯টি ট্রিপের মাধ্যমে ১২ হাজার ৪০২ দশমিক ৭০ টন কোরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণ করা হয়েছে।

No description available.

এর আগে, বৃহস্পতিবার নগরভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে দক্ষিণের মেয়র তাপস জানান, ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডের বেশিরভাগ পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। ডিএসসিসির কর্মকর্তা ও কর্মচারীরা গত তিনদিন ধরে পশুর বর্জ্য অপসারণসহ বিভিন্ন ময়লা-আবর্জনা পরিষ্কারে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তাদেরও পরিবার-পরিজন ও ঈদ রয়েছে। তাদেরও একদিন ছুটি প্রয়োজন। এ কারণে ঈদের তৃতীয় দিনও পশু জবাই না করে আজকের মধ্যেই কোরবানির পশু জবাই শেষ করুন।

এদিকে বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার লালবাগ এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ এলাকার পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। তবে কোথাও কোথাও বর্জ্য ও ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা গেছে। আজিমপুর চায়না বিল্ডিং এলাকায় দেখা গেছে, বিভিন্ন বাসা ও ফ্ল্যাটবাড়ির সামনে বর্জ্য ও ময়লা-আবর্জনা পড়ে আছে। আজিমপুর বাসস্ট্যান্ডের অদূরে প্রধান সড়কেও কিছু বর্জ্য পড়ে থাকতে দেখা যায়।

তবে সার্বিকভাবে দক্ষিণ সিটির কর্মকর্তা ও কর্মচারীদের নিরন্তর প্রচেষ্টায় অধিকাংশ বর্জ্যই অপসারণ হয়েছে। আজও পশু কোরবানি হচ্ছে। তাই নতুন করে বিভিন্ন এলাকায় বর্জ্য জমা হচ্ছে। ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা সকাল থেকে গতকাল ও আজকের বর্জ্য অপসারণের কাজে নেমেছেন।

ইত্তেফাক/জেডএইডি