৪১তম হয়ে বাছাইপর্ব থেকেই বিদায় নিলেন বাকি

আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৪:৪৯

দেশের সমর্থকদের আবারও হতাশায় ডুবালেন শুটার আবদুল্লাহ হেল বাকি। চলমান ‘টোকিও অলিম্পিক-২০২০’ এর আজ দ্বিতীয় দিন খেলতে নেমে বাছাই পর্ব থেকেই বিদায় নিয়েছেন তিনি।

রবিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টায় এয়ার রাইফেলের ছেলেদের বাছাইয়ে ৬১৯.৮ স্কোর করে ৪৭ জনের মধ্যে ৪১তম হয়েছেন কমনওয়েলথ গেমসে দু'বারের রুপাজয়ী এই শুটার। তার স্বপ্ন ছিল অলিম্পিকের ফাইনালে খেলা। কিন্তু সেটা আর হলো না।

এদিন, শীর্ষস্থানে থেকে চূড়ান্ত পর্বে গিয়েছেন চীনের হাওরান ইয়াং। তার স্কোর অলিম্পিক রেকর্ড ৬৩২.৭ পয়েন্ট।

এর আগে ২০১৬ রিও অলিম্পিকে বাছাইয়ে ৬২১.২ স্কোর করে ৫০ জনের মধ্যে ২৫তম হয়েছিলেন আবদুল্লাহ হেল বাকি। কিন্তু এবার সেটিরও ধারেকাছে যেতে পারলেন না।

ইত্তেফাক/টিএ