সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সাবেক সচিব ও আইজিপি এএসএম শাহজাহান আর নেই। মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নানিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
পরিবারিক সূত্রে জানা যায়, এএসএম শাহজাহান বেশবিছু দিন ধরে স্নায়ু রোগে (পারকিনসনস ডিজিজ) ভুগছিলেন। গত এক সপ্তাহ আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এপোলো হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন। শুক্রবার সকাল ৭টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানীর সেন্ট্রাল জামে মসজিদ মাঠে বাদজুমা দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
এএসএম শাহজাহান নোয়াখালীর বেগমগঞ্জ থানা বর্তমান সোনাইমুড়ী উপজেলার পদিপাড়া গ্রামে ১৯৪১ সালে এক সভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এর পর প্রথমে তিনি নোয়াখালীর চৌমুহনী কলেজে ও রাজশাহী বিশ্ববিদ্যলয়ে শিক্ষকতা করেন। পরে তিনি সিএসপি হিসেবে ১৯৬৬ সালে পুলিশের ডিএসপি (সহকারী পুলিশ সুপার) পদে যোগ দেন। মেধাবী এএসএম শাহজাহান চাকরি জীবনে ১৯৭৬ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রথম ডেপুটি কমিশনার ছিলেন। ৮২সালে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, পরে এএসআইয়ের পরিচালক, দুইবার সিআইডি প্রধান এবং ১৯৯২-১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজি ছিলেন তিনি। পরে তিনি যুব-ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ৯৯সালে তিনি চাকরি থেকে অবসর নেন।
আরও পড়ুন: ঝুলে আছে মাদকের দেড় লাখ মামলা
এএসএম শাহজাহান ২০০১ সালের ১৫ জুলাই গঠিত তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন। এছাড়া তিনি জাতিসংঘের (ইউএনডিপি) পুলিশ রিফর্ম প্রোগ্রামে সিনিয়র এডভাইজার হিসেবে কাজ করেন। বাংলাদেশ পুলিশ এবং ইউএনডিপির যৌথ অংশীদারিত্বে পুলিশের মানোন্নয়নেও কাজ করেছেন ও জাইকার এডভাইজার এবং ইনিভারসিটি এশিয়া প্যসিফিকের ভাইস চ্যন্সেলর ছিলেন তিনি।
এদিকে এএসএম শাহজাহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী এডভোকেট মাহবুবুর রহমান, নোয়াখালীর প্রবীণ রাজনীতিবিদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মোহম্মদ হানিফ, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের এমপি এএইচএম ইব্রাহিম, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের এমপি মামুনুর রশিদ কিরণ, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, জেলা জাতীয় পার্টির সভাপতি ও এসএ টিভির চেয়ারম্যান সালা উদ্দিন আহমেদ, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল সোহেল, নোয়াখালী কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিক উলাহ এবং নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ প্রমুখ।
ইত্তেফাক/নূহু
