আট বছর পর জিম্বাবুয়ে সফরে গিয়ে তিন ফরম্যাটেই খেলেছে বাংলাদেশ। গতকালই শেষ হয়েছে স্বাগতিকদের বিরুদ্ধে টি-২০ সিরিজ। খেলা শেষ হয়ে গেলেও বাড়তি তিন দিন আফ্রিকার দেশটিতে থেকে যেতে হবে বাংলাদেশ দলকে। আগামী ২৯ জুলাই সকাল ৯টায় ঢাকায় এসে পৌঁছাবে টাইগাররা। গতকাল বিসিবির লজিস্টিকস বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

পরিবর্তিত সূচির কারণে জিম্বাবুয়ের মাটিতে দুই দিন আগেই শেষ হলো টি-২০ সিরিজ; কিন্তু এখনই দেশে ফিরছে না বাংলাদেশ দল। মূল কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ। যেখানে কঠোরভাবে মানা হবে সুরক্ষাবলয়। দেশে ফিরে সরাসরি হোটেলে উঠবেন মাহমুদউল্লাহ-সাকিবরা। হোটেলে সেভাবেই বুকিং দেওয়া আছে। তাই আগে ফিরে হোটেলে ওঠারও সুযোগ নেই মাহমুদউল্লাহ বাহিনীর। একই দিনে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া দলও।
হারারের সুরক্ষাবলয় থেকে ঢাকায় সুরক্ষাবলয়ে প্রবেশ করবেন টাইগাররা। তাই আগে সিরিজ শেষ হলেও ক্রিকেটারদের দেশে ফিরতে হচ্ছে পূর্বনির্ধারিত সময়েই। ক্রিকেট অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া কঠিন শর্তের কারণেই বিমানের টিকিট পরিবর্তনের পথে হাঁটেনি বিসিবি।
ইত্তেফাক/এমআর
