খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ইয়াসিন মোল্লা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের চন্দনীমহল গাজীপাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন মোল্লা চন্দনীমহল গ্রামের ইউপি সদস্য আশরাফ মোল্লার ভাই ও ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারহানা হালিমের সমর্থক।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০ টার দিকে চন্দনীমহল গাজীপাড়ায় দুর্বৃত্তরা ইয়াসিন মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তার আত্মীয়স্বজন তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ চৌধুরী, ইন্সপেক্টর (তদন্ত) রিপন কুমার সরকার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় সোমবার সকাল ১০টা পর্যন্ত থানায় মামলা হয়নি।
ইত্তেফাক/এমআর
