কোহলিকে ইমরান খানের সঙ্গে তুলনা কাদিরের

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০১

ভারতীয় ক্রিকেটে যেন একটা নতুন ‍যুগের সূচনা করেছেন অধিনায়ক বিরাট কোহলি। কি নেতৃত্ব, কি ব্যক্তিগত পারফর্মেন্স সবকিছুতেই যেন অতীতকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। তাই ক্যাপ্টেন কোহলিকে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের সঙ্গে তুলনা করলেন আরেক পাক কিংবদন্তি ক্রিকেটার আব্দুল কাদির।

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরানের নেতৃত্বে দীর্ঘদিন খেলেছেন কাদির। লেগস্পিনার খুব কাছে থেকে দেখেছেন অধিনায়ক ইমরানকে। কীভাবে সতীর্থদের উদ্দীপ্ত করে দলকে এগিয়ে নিয়ে চলতেন ইমরান, তা কাদিরের ভালোভাবেই জানা। কোহলিও একইভাবে উদাহরণ স্থাপন করছেন বলে মনে করছেন তিনি।

আব্দুল কাদির বলেন, ‘যদি ব্যাটসম্যান ও অধিনায়ক হিসেবে বিরাট কোহলির দিকে তাকাই, তবে তাকে ইমরানের মতোই লাগছে। ইমরানের মতো কোহলিও নিজে কাজটা করে উদাহরণ তৈরি করে। তারপর দল সেটা অনুসরণ করবে বলে আশায় থাকে। তবে আমি দু’জনের মধ্যে তুলনা করছি না। যদিও কোহলির দিকে তাকালে মনে হয় সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তার রয়েছে।’

আরও পড়ুন: কোরআন’কে ‘বিষাক্ত’ বলা ডাচ এমপির ইসলাম গ্রহণ নিয়ে হইচই

৬৭ টেস্টে ২৩৬ উইকেট নিয়েছেন আব্দুল কাদির। ১০৪ একদিনের ম্যাচে রয়েছে ১৩২ উইকেট। প্রায় দুই দশক ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন তিনি। রয়েছে বিশাল অভিজ্ঞতা। আর তা থেকেই বলেছেন, ‘ইমরানের মতো কোহলিও দায়িত্ব নিতে ভালবাসে। পারফর্ম করে, যার মাধ্যমে অন্যদেরও তা করতে বাধ্য করে।’

তবে ইমরান খানের ব্যক্তিত্বের পর্যায়ে এখনো কোহলি পৌছেননি উল্লেখ করে আব্দুল কাদির বলেন, ‘ইমরানের যা ব্যক্তিত্ব ছিল এবং যেভাবে সতীর্থদের থেকে সেরা খেলা বের করে আনার ক্ষমতা ছিল, তা এখনও হয়নি কোহলির। তবে এতে কোনও সন্দেহ নেই যে কোহলিও উদাহরণ তৈরির মাধ্যমে নেতৃত্ব দেয়।’

ইত্তেফাক/কেআই