বরিশালের হিজলায় এক যুবককে ‘জিনের আছর’ থেকে মুক্ত করতে গিয়ে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে ফকির বেশধারী দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ঐ দুই ফকিরকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার বিকালে উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত রাসেল ঘরামী (৩০) ঐ এলাকার আলমগীর ঘরামীর ছেলে। দুই সন্তানের জনক রাসেল নিজ জমিতেই কৃষিকাজ করতেন।
মেমানিয়া ইউনিয়ন পরিষদের সদস্য লিটন গাজী বলেন, রাসেল দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। স্থানীয়দের ধারণা ছিল তাকে জিনে ধরেছে। এরপর গতকাল সোমবার হিজলা গৌরব্দী ইউনিয়নের বিছর গ্রাম থেকে জামাল শেখের ছেলে ইসমাইল শেখ ও ইমরান শেখ নামে দুই জন ফকিরকে আনা হয় জিন ছাড়ানোর জন্য। জিন ছাড়াতে গিয়ে এক পর্যায়ে রাসেলের গলা টিপে ধরে ঐ দুই ফকির। রাসেল তখন অসুস্থ হয়ে পড়েন। তাকে পার্শ্ববর্তী টেকেরহাট বাজারে গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি রাসেলকে মৃত ঘোষণা করেন।
হিজলা থানার পরিদর্শক (তদন্ত) তারিক বিন ইসলাম রাসেল বলেন, ‘জিন ছাড়াতে গিয়ে’ গলা টিপে হত্যার খবর শুনেছি। স্থানীয়রা ফকিরবেশি দুই যুবককে আটক করেছে।
ইত্তেফাক/এমআর
