মসজিদ কমিটির ২০ লাখ টাকা আত্মসাৎ, ২ পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

আপডেট : ২৯ জুলাই ২০২১, ০৯:১৪

ভাওড়া সরকারপাড়া জামে মসজিদ নিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্ধ চরম আকার ধারণ করেছে। দ্বন্ধের জের ধরে অনেকেই মসজিদে নামাজ পড়তে আসছেন না। মসজিদ কমিটির বিরুদ্ধে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছে একপক্ষ। টাকা উদ্ধারের জন্য তিনজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। 

অপর দিকে মসজিদের দান বাক্স ভেঙ্গে ও চেক জালিয়াতি করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বিপুল অংকের টাকা আত্মসাৎ করেছে বলে অপর কমিটি থানায় পাল্টা অভিযোগ দিয়েছেন। দুই গ্রুপই নিজেদের বৈধ কমিটি দাবি করায় এবং পাল্টাপাল্টি অভিযোগের ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন দুই পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর তদন্ত চলছে।


 
মসজিদের এক গ্রুপের সভাপতি আব্দুল করিম ও সাধারণ সম্পাদক মাহফুজুল হক পিন্টু অভিযোগ করেন, মসজিদ কমিটির সাবেক সভাপতি ও সাবেক পুলিশ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং কোষাধক্ষ্য বাদল মিয়া একক ক্ষমতাবলে দীর্ঘ ১৩-১৪ বছর দায়িত্ব পালন করেছেন। তারা দায়িত্ব পালনের সময় মসজিদের ওয়াজ মাহফিল ও মসজিদ উন্নয়নের জন্য সুধীজনের অনুদানের প্রায় ২০ লাখ টাকা নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেছে। 

এ বাপারে পূর্বের কমিটির সভাপতি ও সাবেক পুলিশ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও কোষাধক্ষ্য বাদল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, যারা থানায় অভিযোগ দিয়েছেন ঐ অভিযোগের কোন ভিত্তি ও সত্যতা নেই। চক্রটি রাতের আধারে অবৈধ ভাবে একটি কমিটি ঘোষণা করেছেন। তারা বৈধ কমিটি দাবি করে বলেন, পারিবারিক বিরোধের জের ধরে ২০ লাখ টাকার মিথ্যা অভিযোগ করেছেন। তারা অভিযোগ করেন, সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক মাহফুজুল হক পিন্টু ও কোষাধক্ষ্য শাহাদত হোসেনসহ কতিপয় সদস্য মসজিদের দান বাক্স ভেঙ্গে বিপুল অংকের টাকা এবং চেক জালিয়াতি করে ব্যাংক থেকে প্রায় ৪০-৪৫ লাখ টাকা অনিয়ম দুর্নীতির মাধ্যমে আত্মসাত করেছেন। তাদের বিরুদ্ধে গত ২৫ জুলাই থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে মির্জাপুর থানার পুলিশের উপপরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা মো. আরিফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভাওড়া গ্রামের সরকার পাড়া জামে মসজিদ কমিটির দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর তদন্ত চলছে। 

ইত্তেফাক/এসজেড