ইসরায়েলি গুলিতে আহত ফিলিস্তিনি শিশুর মৃত্যু

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১০:২৫

পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাহিনীর নির্যাতন থেকে রক্ষা পাচ্ছে না ফিলিস্তিনি শিশুরাও। এবার তাদের গুলিতে আহত এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলীয় হেবরন শহরের দিকে যাওয়ার সময় বেইত ওমর শহরে মৃত্যু হয় মোহাম্মদ আল আলামি নামের ১২ বছর বয়সী ওই শিশুটির। সে তার বাবার সঙ্গে গাড়িতে করে যাচ্ছিল। এ সময় তার বুকে গুলি লাগে।

শহরের মেয়র নাসরি সাবারনেহ জানান, মোহাম্মদ ও তার বোনকে নিয়ে তাদের বাবা গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। সে সময় কিছু কেনার জন্য একটি দোকানের সামনে গাড়ি থামাতে বলে মোহাম্মদ।

তার বাবা ইউটার্ন নিয়ে গাড়ি থামানোর সময় কাছাকাছি থাকা ইসরায়েলি সেনা চিৎকার করতে থাকে এবং তাকে থামতে বলে। এক পর্যায়ে তারা ওই গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। সে সময় গুলি এসে মোহাম্মদের বুকে লাগে।

এর আগে গত শনিবার ১৭ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর মারা গেছেন। এর কয়েকদিন আগেই সে ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়েছে মোহাম্মদ মুনির আল তামিমি নামের ওই কিশোরের।

ইত্তেফাক/টিআর