সাভার থেকে অপহৃত শিশু ৪ দিন পর উদ্ধার, গ্রেফতার ১

আপডেট : ২৯ জুলাই ২০২১, ২১:৫১

সাভার থেকে অপহরণের চার দিন পর ১১ বছরের শিশু স্বপ্না আক্তারকে উদ্ধার করেছে র‌্যাব-৪। এঘটনায় অভিযুক্ত অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪ এর সিপিসি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে বুধবার (২৮ জুলাই) বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১১ বছরের শিশু স্বপ্নাকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত অপহরণকারী নাম মো. মোছাদ্দেক আলম (২৯)। সে দিনাজপুর জেলার বাসিন্দা ও ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সে মাঝে মধ্যে সাভারে আসতো।

র‌্যাব-৪ জানায়, গত ২৪ জুলাই সকাল ১১ টার দিকে শিশু স্বপ্না খাতুন সাভার পলো মার্কেট থেকে অপহৃত হয়। ঘটনার দুই দিন পর অপহরকারী চক্র মোবাইল ফোনে শিশুটির পিতা-মাতার নিকট মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে অপহৃত শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়। এমন অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি দল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে অপহৃত শিশু স্বপ্না খাতুনকে সাভার বাসস্ট্যান্ডের নিউ মার্কেটের সামনে থেকে উদ্ধার করে। 

র‌্যাব-৪ এর লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত মোসাদ্দেক বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে শিশুটিকে গত ২৪ জুলাই সাভারের পলো মার্কেটের সামনে হতে অপহরণ করে। পরবর্তীতে স্বপ্নাকে ট্রাক যোগে দিনাজপুর জেলার বিরামপুর থানা এলাকায় নিয়ে আটকিয়ে রাখে। এসময় শিশুটির বাবা-মার কাছে মুক্তিপণ দাবি করে। তাকে আটকের জন্য র‌্যাবের একটি দল দিনাজপুরে অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে অপহরণকারী পুনরায় ট্রাকযোগে সাভার এলাকায় চলে আসে। পরে র‌্যাব-৪ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে ও অপহরণকারীকে গ্রেফতার করে। এঘটনায় অপহরণকারী মোছাদ্দেকের বিরুদ্ধে সাভার মডেল থানায় এটি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম