যুক্তরাষ্ট্রে সন্দেহভাজন অপরাধীকে মৃত্যুর হুমকি, পুলিশ কর্মকর্তা গ্রেফতার

আপডেট : ৩০ জুলাই ২০২১, ১২:৪৪

সন্দেহভাজন এক অপরাধীকে ধরার সময় তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। বডি ক্যামেরায় অরোরা শহরের পুলিশ সদস্য জন হবার্টকে সন্দেহভাজন এক অপরাধীকে পিস্তল দিয়ে আঘাত করতে এবং ‘নড়াচড়া করলেই গুলি করব’ এমন হুমকি দিতে দেখা গেছে। হবার্টকে থামাতে ব্যর্থ হওয়ায় ঘটনাস্থলে থাকা পুলিশের আরেক কর্মকর্তা ফ্রান্সিন মার্টিনেজকেও গ্রেফতার করা হয়েছে।

Driving Downtown - Denver 4K - Colorado USA - YouTube

গত বছর পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র জুড়ে তুমুল বিক্ষোভের পর দেশটিতে পুলিশের অসদাচরণ নিয়ে ব্যাপক তদন্তের মধ্যে এই গ্রেপ্তারের খবর এলো। মঙ্গলবার গণমাধ্যমে আসা বডি ক্যামেরার ফুটেজে সন্দেহভাজন ঐ অপরাধীকে ‘আমি শ্বাস নিতে পারছি না’ এবং ‘আপনি আমাকে মেরে ফেলছেন’ বলতে শোনা গেছে।

হবার্ট সে সময় বারবার ‘জোরাজুরি কোরো না’ বলছিলেন। এক সংবাদ সম্মেলনে অরোরার পুলিশপ্রধান ভেনিসা উইলসন বলেন, ‘এটা দুঃখজনক। আমরা বিরক্ত, আমরা ক্রুদ্ধ। এটা পুলিশের কাজ নয়। আমরা এ ধরনের প্রশিক্ষণ দিই না।’

সন্দেহভাজন ঐ অপরাধীর নাম কাইল ভিনসন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। সহিংসতার এক ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। হবার্টের পিস্তলের আঘাতে রক্তাক্ত ভিনসনকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা ‘আশঙ্কাজনক নয়’ বলে জানানো হয়েছে।

ইত্তেফাক/টিআর