ঝিনাইদহে আধিপত্যকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মোদাচ্ছের আলি মোল্লা (৫৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি শুকুর মোল্লার ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।

শুক্রবার (৩০ জুলাই) সকালে সদর উপজেলার গোয়ালপাড়া পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ২ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আবুল বাশার জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের জাফর হোসেন ও মিলন হোসেন সমর্থকদের মাঝে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (২৯ জুলাই) মাগরিবের নামাজের পর ওই গ্রামের মসজিদে উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোদাচ্ছেরসহ বেশ কয়েকজন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মোদাচ্ছেরকে মৃত ঘোষণা করেন। ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা আরও জানান।
ইত্তেফাক/এমএএম

