বিজেপি বিধায়কের মন্তব্য নিয়ে বিতর্ক

মমতা ব্যানার্জি ‘লঙ্কিনী’ আর অখিলেশ ‘আওরঙ্গজেব’

আপডেট : ৩১ জুলাই ২০২১, ১০:৫১

বিতর্কিত মন্তব্যের জন্য আবারও শিরোনামে উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। গতকাল শুক্রবার তিনি সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে ‘আওরঙ্গজেব’ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ‘লঙ্কিনী’র সঙ্গে তুলনা করলেন। তার এই মন্তব্য নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, লঙ্কিনী রামায়ণের একটি চরিত্র। লঙ্কার রাজ্যের মূল প্রবেশদ্বার রক্ষার দায়িত্বে ছিল এই রাক্ষসী। হনুমান তাকে মুক্তি দেয়। সেই চরিত্রের সঙ্গেই মমতার তুলনা করেছেন সুরেন্দ্র। সুরেন্দ্রর অভিযোগ, ভোট-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। সেই কারণেই পৌরাণিক চরিত্রের সঙ্গে মমতার মিল খুঁজে পেয়েছেন তিনি।

জাতীয় স্তরে 'খেলা হবে', যোগীরাজ্যে মমতা মডেল - Bengali News Channel in  Kolkata

পাশাপাশি, অখিলেশ যাদবকেও ‘আওরঙ্গজেব’ বলে আক্রমণ করেছেন তিনি। অখিলেশের সঙ্গে সমাজবাদী পার্টির সাবেক প্রধান মুলায়ম সিং যাদবের সম্পর্ক ভালো না। পিতা-পুত্রের তিক্ততার সম্পর্কের সূত্র ধরেই অখিলেশকে আওরঙ্গজেব বলেছেন সুরেন্দ্র। ২০১৭ সালে অখিলেশের সঙ্গে বাবা মুলায়মের সম্পর্কের তিক্ততা চরমে ওঠে।

বিতর্কিত কর্মকাণ্ডের জন্য এর আগেও একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন সুরেন্দ্র। তিনি করোনা সংক্রমণের মধ্যেই এক দিন গোমূত্র পান করে ভিডিও পোস্ট করেছিলেন ফেসবুকে।

প্রকাশ্যে করোনা রুখতে গোমূত্র পানের পরামর্শ দিয়েছিলেন তিনি। তাতেও বিতর্ক শুরু হয়েছিল। হাথরাস ধর্ষণের ঘটনা নিয়ে তিনি বলেছিলেন, মহিলাদের সংস্কারের অভাবেই ধর্ষণ হয়। মহিলারা মার্জিত আচরণ করলে ধর্ষণ বন্ধ হওয়া সম্ভব।

ইত্তেফাক/টিআর