লোকালয়ে দেখা মিললো মুখপোড়া হনুমানের

আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৭:১৬

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামে দেখা মিলেছে বিরল প্রজাতির মুখপোড়া হনুমানের। শনিবার (৩১ জুলাই) সকাল থেকে দলছুট হয়ে মুখপোড়া হনুমানকে ঘুরে বেড়াতে দেখা যায় ওয়ালিয়া বাজারসহ বিভিন্ন এলাকায়। হনুমানটি যেখানেই যাচ্ছে, সেখানেই কৌতূহলী মানুষ ভিড় করে সেটিকে দেখছে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে ওয়ালিয়া বাজারের ব্রিজ এলাকায় প্রথম এই হনুমানকে দেখা যায়। কৌতূহলী জনতা ভিড় জমালেই হনুমানটি বাজারের বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিচ্ছে। ছটে বেড়াচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। কেউ কেউ তাকে খেতে দিচ্ছে কলা, বিস্কুট ও পাউরুটি। তবে প্রাণীটি কীভাবে এবং কোথা  থেকে ওয়ালিয়া বাজারে এসেছে, তা কেউ জানে না।

স্থানীয় সামাজিক সংগঠন ওয়ালিয়া তরুণ সমাজের উপদেষ্টা মোস্তফা বায়েজিদ কাদের বলেন, মুখপোড়া হনুমান বৃক্ষচারী শান্তিপ্রিয় প্রাণী। চলাফেরা, ঘুম, খাবার সংগ্রহ, প্রজনন, খেলাধুলা, বিশ্রাম সবকিছু এরা গাছে থেকেই সম্পন্ন করে। মূলত গাছের পাতা খেয়ে জীবনধারণ করে এরা। তাছাড়া বিভিন্ন উদ্ভিদের পরাগায়ণ ও বংশবৃদ্ধিতেও সহায়তা করে থাকে। বর্তমানে জনসংখ্যার চাপ, শিল্পায়ন ও কৃষিক্ষেত্রের সম্প্রসারণের জন্য বনভূমি হ্রাস পাওয়ায় অস্তিত্বর সংকটে পড়ার কারণেই এরা লোকালয়ে এসেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান জানান, মুখপোড়া হনুমানটি সকাল থেকে ওয়ালিয়া বাজারে ঘুরে বেড়াচ্ছে। প্রাণীটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে। এলাকাবাসী প্রাণীটির যেন কোনো ক্ষতি না করে, সে বিষয়ে সবার সচেতনতা কামনা করছি।

উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ওয়ালিয়ায় মুখপোড়া হনুমানের উপস্থিতি শুনেছি। প্রাণিটির কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে সেজন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে। 

ইত্তেফাক/জেডএইচডি