রংপুরে করোনায় আজও ১৬ জনের মৃত্যু, আক্রান্ত ২৩৩ জন 

আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৭:০২

গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ২৩৩ জন। বিভাগটিতে গত ৩০ দিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৯৯ জনের এবং শনাক্ত হয়েছেন ১৮ হাজার ১৯৩ জন। 

শনিবার (৩১ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরে পাঁচজন, ঠাকুরগাঁওয়ের তিনজন, দিনাজপুরের দুজন, নীলফামারীর দুজন, পঞ্চগড়ের দুজনসহ কুড়িগ্রাম ও গাইবান্ধায় একজন করে মৃত্যু হয়েছে। এ সময় বিভাগে ৮৮৪ জনের নমুনা পরীক্ষা করা হলে, এতে রংপুরে ৭৮ জন, কুড়িগ্রামে ৪৭ জন, দিনাজপুরে ৩৫ জন, লালমনিরহাটে ২৩ জন, গাইবান্ধায় ২০ জন, ঠাকুরগাঁওয়ে ১৬ জন ও নীলফামারীর ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবারের তুলনায় মৃত্যু বাড়লেও শনাক্তের হার  কমেছে।

                

করোনায় নতুন করে মারা যাওয়া ১৬ জনসহ রংপুর বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৮ জনে। এর মধ্যে দিনাজপুরে ২৬৮ জন, রংপুরে ২০০ জন, ঠাকুরগাঁওয়ে ১৭৬, নীলফামারীতে ৬৬, পঞ্চগড়ে ৫৭, লালমনিরহাটে ৫৫, কুড়িগ্রামে ৫৩ ও গাইবান্ধায় ৪৩ জন রয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬৫ জন।

                   

রংপুর বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৪৪ হাজার ১৭৩ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে দিনাজপুরে ১২ হাজার ৬১৯ জন, রংপুরে ৯ হাজার ৮০৫ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৩২ জন, গাইবান্ধায় ৩ হাজার ৮০০ জন, নীলফামারী ৩ হাজার ৫৩৭ জন, কুড়িগ্রামে ৩ হাজার ৪৭২ জন, লালমনিরহাটে ২ হাজার ২১৫ জন এবং পঞ্চগড়ে ২ হাজার ৬৯৩ জন রয়েছেন।

ইত্তেফাক/এসআই