মিয়ানমারে অভ্যুত্থানের ৬ মাস পূর্তিতে জান্তাবিরোধী বিক্ষোভ

আপডেট : ৩১ জুলাই ২০২১, ২০:৫০

মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের ৬ মাস পূর্তির প্রাক্কালে শনিবার মান্দালয়ে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীদের ছোট ছোট কয়েকটি দল। এদিকে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে।

বার্তাসংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, চলতি বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয়। ১ অগাস্ট তার ৬ মাস পূর্তি হতে যাচ্ছে। তার আগে শনিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ছোট ছোট দল মোটরবাইক চালিয়ে মান্দালয়জুড়ে লাল ও সবুজ রংয়ের পতাকা উড়িয়ে সেনাশাসনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়েছে। মিয়ানমারে বেসামরিক শাসন ফেরাতে দর কষাকষির অংশ হিসেবে সামরিক জান্তার সঙ্গে আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে তারা। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘রক্তখেকোর সঙ্গে মধ্যস্থতা নয়।’

Myanmar protesters mark 1962 rallies against first junta - France 24
 
এদিকে শনিবার নিউ ইয়র্কভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দমন ও বিরোধীদের গ্রেপ্তারে মিয়ানমারের সেনাবাহিনীর যে ধরনের সহিংসতার আশ্রয় নিয়েছে এবং নির্যাতন, খুনসহ যে ধরনের কর্মকাণ্ড করেছে তা মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনগুলোর লঙ্ঘন। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস এক বিবৃতিতে বলেছেন, ‘মিয়ানমারের জনগণের ওপর এসব হামলা মানবতাবিরোধী অপরাধ, যারা এর জন্য দায়ী তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিত।’

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির সাম্প্রতিক ঘটনাবলীর ওপর নজর রাখা সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্সেও (এএপিপি) হিসাবে মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত অন্তত ৬ হাজার ৯৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে মারা পড়েছে ৯৩৯ জন।

ইত্তেফাক/এএইচপি