দলের প্রয়োজনে ওপেন করবেন সাকিব-মিঠুন

আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৮:১২

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাধারণত ওয়ানডাউন অথবা মিডলঅর্ডারে ব্যাটিং করে থাকেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাকে কখনো ওপেনিংয়ে ব্যাট করতে দেখা যায়নি। তবে আগামীতে এ পজিশনে সাকিবকে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে দলের সেরা তারকাকে বিকল্প ওপেনার হিসেবে যে পরিকল্পনায় রেখেছেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো।

মূলত চোটে আক্রান্ত নিয়মিত ওপেনার তামিম ইকবাল ও পারিবারিক কারণে ছুটি নেওয়া লিটন দাসকে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাচ্ছে না বাংলাদেশ। এমতাবস্থায় অজিদের বিপক্ষে ৩ আগস্ট থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন সৌম্য সরকার ও মোহাম্মদ নাইম শেখ। এর মধ্যে সৌম্যর হালকা চোট সমস্যা থাকলেও তিনি যে খেলছেন তা একরকম নিশ্চিত। কিন্তু দলে যে বিকল্প আর কোনো ওপেনার নেই।

জিম্বাবুয়ে সফরেই চোটে পড়েন সৌম্য সরকার। তবে আজ রবিবার (১ আগস্ট) দলীয় অনুশীলনে ফুটবল না খেললেও এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানকে নেটে ব্যাটিং করতে দেখা গেছে। কিন্তু যদি আবারও তিনি চোটে পড়েন সেক্ষেত্রে ওপেন করবেন কে? আজ অনলাইন সংবাদ সম্মেলনে সেটিরই বিকল্প জানালেন রাসেল ডমিঙ্গো।

বললেন, বিকল্প ওপেনার হিসেবে সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুনকে বিবেচনায় রেখেছেন তিনি। যদি কোনো সমস্যা হয় তাহলে তারা দু'জন আছে। মিডলঅর্ডার ব্যাটসম্যান হলেও দলের প্রয়োজনে তারা ওপেন করবে।

আগামী মঙ্গলবার (৩ আগস্ট) মাঠে গড়াবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ৪, ৬, ৭ ও ৯ আগস্ট বসবে সিরিজের বাকি ম্যাচগুলো। হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে আয়োজন হবে ম্যাচগুলো। সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

ইত্তেফাক/টিএ