নিরবের নতুন পথচলা শুরু

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৭:০৩

চিত্রনায়ক নিরব তার পথচলা শুরু করেছিলেন মডেলিং দিয়ে। এরপর সিনেমায় এসে থিতু হয়েছেন। রূপালি পর্দায় কাজ করছেন ২০০৯ সাল থেকে। লম্বা এই পথচলায় নিরবকে মূলত সিনেমায় দেখা গেছে। এর পাশাপাশি তিনি বিজ্ঞাপন ও স্টিল মডেলিং চালিয়ে গেছেন। এবার নিরব যুক্ত হলেন সম্পূর্ণ নতুন এক জগতে। একটি অনলাইন মার্কেটপ্লেসের পাবলিক রিলেশন অ্যান্ড কমিউনিকেশন প্রধান হিসেবে যোগ দিয়েছেন তিনি।

এ বিষয়ে ইত্তেফাক অনলাইনকে নিরব জানান, ‘প্রতিষ্ঠানটির নাম ‘শ্রেষ্ঠ’। মাস ছয়েক হলো তারা কার্যক্রম পরিচালনা করছে। গত ১ আগস্ট থেকে আমি এই প্রতিষ্ঠানে যোগদান করেছি। এটা একেবারে নতুন একটি অভিজ্ঞতা আমার জন্য।’

তার কথায়, ‘এতো দিনের ক্যারিয়ারে যতো মানুষের সঙ্গে আমার চেনা-পরিচয় ঘটেছে, আমার কাজের মাধ্যমে যারা অনুপ্রাণিত কিংবা প্রভাবিত হয়েছেন, তাদের কাছে ‘শ্রেষ্ঠ’র আবেদন পৌঁছে দেয়াই হবে আমার কাজ। তারা আমার ওপর যেই বিশ্বাস রেখেছেন, আশা করি সেটা পূরণ করতে সক্ষম হব।’

নিরবকে সর্বশেষ দেখা গেছে ‘কসাই’ সিনেমায়। অনন্য মামুন পরিচালিত সিনেমাটি কিছু দিন আগেই মুক্তি পেয়েছে। এতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।  এছাড়া এ নায়কের হাতে রয়েছে ‘ফিরে দেখা’, ‘ক্যাসিনো’, ‘চোখ’, ‘অমানুষ’, ‘তিতুমীর’, ‘অফিসার রিটার্নস’, ‘ছায়াবৃক্ষ’ প্রভৃতি।

ইত্তেফাক/বিএএফ