নারী কর্মীদের ছবি ব্যবহার করে যৌন অপরাধী ধরার ফাঁদ এফবিআই'র

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ০২:১৬

মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) যৌন অপরাধীদের ধরতে নতুন এক ফাঁদ পেতেছে। সে লক্ষ্যে সংস্থাটির নারী কর্মীদের ছবি ব্যবহার করেছে তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

নজরদারি সংস্থাটি তাদের প্রতিবেদনে জানায়, অনলাইনে ফাঁদ পেতে যৌন অপরাধীদের ধরতে এফবিআইয়ের এজেন্টরা তাদের নারী কর্মীদের ছবি ব্যবহার করেছে। তবে নারী কর্মীদের ছবির মুখমণ্ডল ঝাপসা করে দেওয়া হয়েছে।

FBI used 'provocative photos' of female office staff to catch se -  WRCBtv.com | Chattanooga News, Weather & Sports

জানা যায়, এফবিআইয়ের জনৈক এক এজেন্টের বিরুদ্ধে এক নারী সহকর্মীর অভিযোগ তদন্ত করতে গিয়ে তথ্যগুলো বেরিয়ে এসেছে। গোপন অভিযান চালানোর লক্ষ্যে অনলাইনে দেওয়ার জন্য ওই নারী সহকর্মীর কাছে এফবিআইয়ের ওই এজেন্ট খোলামেলা ছবি চেয়ে অনুরোধ করেছিলেন বলে অভিযোগ আনা হয়।

তদন্তে দেখা যায়, এফবিআইয়ের বিশেষ এজেন্টরা অনলাইনে ফাঁদ পাতার জন্য তাদের সহায়ক নারী কর্মীদের ছবি মাঝেমধ্যে ব্যবহার করেছেন। ছবিগুলো এমনভাবে তোলা হতো, যাতে তাদের অল্প বয়সী বা যৌনকর্মী বলে মনে হয়। তবে এমন কাজের জন্য নারী কর্মীদের ছবি ব্যবহার করার বিভাগীয় অনুমোদন নেই এফবিআইতে।

নজরদারি সংস্থার পর্যবেক্ষণে বলা হয়, অনলাইনে ফাঁদ পাতার জন্য নিজেদের নারী কর্মীদের ছবি ব্যবহার ঝুঁকিপূর্ণ। এতে এই নারী কর্মীদের নাজেহাল বা যৌন অপরাধীদের কবলে পড়ার আশঙ্কা রয়েছে। 

ইত্তেফাক/টিআর