আফগান মন্ত্রীর বাড়িতে হামলার দায় স্বীকার তালেবানের

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৭:৩৭

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদীর বাড়িতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে অন্তত ৪ জন নিহত ও আরও ১১ আহত হয়েছেন। মঙ্গলবার (৩ আগস্ট) এ ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে বিবিসি। এই হামলার দায় স্বীকার করেছে তালেবান।

জানা যায়, বুধবার এক বিবৃতিতে হামলার সঙ্গে তালেবানের সংশ্লিষ্টতার কথা জানান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

Car bomb blast in Kabul

প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদির বাড়ি লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। তবে সে সময় তিনি বাসায় ছিলেন না। তবে আফগানিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে চার হামলাকারী নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে মন্ত্রীর পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

বিবৃতিতে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘গতকাল রাতে প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা চালানো হয়েছে।’ ভবিষ্যতেও আফগানিস্তানের শীর্ষ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে এমন হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

হামলার পর এক টুইট বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদী বলেন, ‘চিন্তা করবেন না, সবকিছু ঠিক আছে।’

এদিকে, মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, এই হামলার সঙ্গে তালেবানদের হামলার সব বৈশিষ্ট্যের মিল রয়েছে।

হামলার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যায় কাবুল বাসিন্দারা রাস্তায় ভিড় করেন এবং বাড়ির ছাদে উঠে আসেন। তারা তালেবান হামলার প্রতিবাদে আল্লাহু আকবর বলে চিৎকার করেন।

ইত্তেফাক/টিআর