‘পাশে আছি’, ভুক্তভোগী দলিত মেয়ের পরিবারকে বললেন রাহুল

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১১:৪৮

৯ বছরের দলিত নাবালিকাকে ধর্ষণ, খুন এবং পরিবারের অনুপস্থিতিতে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় উত্তাল দিল্লি। বুধবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মৃতার পরিবারের উদ্দেশে বার্তা দিয়ে কংগ্রেস সাংসদ বলেন, ‘যতক্ষণ না তারা বিচার পাচ্ছেন, আমি তাদের পাশে থাকব।’

Dalit girl rape and murder: Indians protest over girl's forced cremation

গত রবিবার দিল্লির ক্যান্টনমেন্ট এলাকায় ঐ দলিত নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ করে তার পরিবার। অভিযোগের আঙুল ওঠে শ্মশানের প্রধান পুরোহিত রাধেশ্যাম ও তার সঙ্গীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, গত বছর উত্তর প্রদেশে ঘটে যাওয়া হাথরস-কাণ্ডের স্মৃতি উসকে পরিবারকে না জানিয়ে নির্যাতিতার দেহ দাহ করা হয় বলেও অভিযোগ উঠেছে। ঐ ঘটনার তীব্র নিন্দা করে মঙ্গলবার টুইটারে রাহুল লিখেছিলেন, ‘দলিত কি বেটি ভি দেশ কি বেটি হ্যায়।’ খবর আনন্দবাজার পত্রিকার।

বুধবার মৃতার পরিবারের সঙ্গে দেখা করে রাহুল বলেন, ‘পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেছি। তারা বিচার পাচ্ছেন না বলে জানিয়েছেন আমাকে। আমি তাদের পাশে দাঁড়াব। যতক্ষণ না তারা বিচার পাচ্ছেন, রাহুল গান্ধী তাদের পাশেই থাকবে।’

এর আগে দলিত নেতা তথা ভীম আর্মিও প্রধান চন্দ্রশেখর আজাদ নির্যাতিতার পরিবারের সঙ্গে আগেই দেখা করেন। তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, সবাই দিল্লিতেই থাকেন। অথচ, এখানেই মহিলাদের নিরাপত্তা নেই।’

ইত্তেফাক/টিআর