হাজীগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৪:২০

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের জন্য নতুন কোন করারোপ ছাড়াই প্রায় ৬২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৬১ কোটি ৮৭ লাখ ৬১ হাজার টাকা এবং মোট ব্যয় ৫৮ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার টাকা। বাজেটে উদ্বৃত্ত থাকবে ৩ কোটি ১০ লাখ ১৪ হাজার টাকা। যা গত অর্থ বছরের (২০২০-২০২১) চেয়ে ১ কোটি ৮৭ লাখ ৬ হাজার ২৫০ টাকা বেশি।

বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে এই বছর আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করা হয়নি। তবে গত ৩০ জুন ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট স্থানীয় সরকার মন্ত্রণালসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। 

বাজেট বিষয়ে পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সাথে কথা হলে তিনি জানান, এবারের বাজেটে পৌর নাগরিকদের ওপর নতুন করে কোনরূপ করারোপ করা হয়নি। তিনি বলেন, পৌরসভার যুগোপযোগী বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উন্নত নাগরিক সেবা প্রদানের জন্য আমি এবং আমার পৌর পরিষদ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতেও এই চেষ্টা অব্যাহত থাকবে।

ইত্তেফাক/এসজেড