চাওয়া পূরণ হলো বৃদ্ধা আবিয়ার

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২২:০৬

ইত্তেফাক অনলাইনে সংবাদ প্রকাশের পর অসহায় বৃদ্ধা আবিয়া বেওয়ার চাওয়া পূরণ হলো।  আনন্দে কাঁদলেন বৃদ্ধা । “পঙ্গু মেয়ে ও ৫ নাতি-নাতনি নিয়ে জীবনযুদ্ধে বৃদ্ধা মা” শিরোনামে  ইত্তেফাক অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হলে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছা.আকলিমা বেগমের নজরে আসে।

দৈনিক ইত্তেফাক পত্রিকার ফুলবাড়ী উপজেলা সংবাদদাতার সঙ্গে যোগাযোগ করে অসহায় পরিবারটি খোঁজ নেন ইউএনও। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলামকে সঙ্গে করে জীবনযুদ্ধে অসহায় বৃদ্ধা আবিয়া বেওয়ার বাড়ীতে যান। এই রিপোর্টটির সত্যতা পেয়ে আবিয়া বেওয়া ও তার পঙ্গু মেয়ে মর্জিনা বেগমসহ তার বাড়িতে থাকা দুই ছেলে ও এক মেয়ের সঙ্গে কুশল বিনিময় করে।

এসময় আবিয়া বেওয়া পঙ্গু মেয়ে ও ৫ নাতি-নাতনিকে নিয়ে কষ্টের জীবন-কাহিনী তুলে ধরেন। ইউএনও পরিবারটিকে খাদ্য সামগ্রী তুলে দেন এবং আবিয়া বেওয়ার পঙ্গু মেয়ে মর্জিনা বেগমের জন্য নতুন একটি হুইল চেয়ার ও তার প্রতিবন্ধী ভাতা ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। ঘড় মেরামত করে দেবার বিষয়েও আশ্বস্ত করেন ইউএনও। 

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছা. আকলিমা বেগম ইত্তেফাক অনলাইনকে জানান, প্রতিবন্ধী মর্জিনার জন্য কয়েকদিনের মধ্যে একটি হুইল চেয়ার ও ভাতার ব্যবস্থাও করা হবে। বরাদ্দ না থাকায় আপাতত তাদের ঘর নতুন টিন দিয়ে মেরামতের ব্যবস্থা করা হবে।