‘খেলরত্ন’পুরস্কার থেকে বাদ রাজীব গান্ধীর নাম

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১১:৪০

ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান ‘রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার’ এর নাম পরিবর্তন করল কেন্দ্রীয় মোদী সরকার। এই পুরস্কারের নাম ‘মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার’ করা হচ্ছে বলে শুক্রবার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

হকি তারকা ধ্যানচাঁদকে সম্মান জানাতে তার নামে পুরস্কারের নাম বদলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন নাম হচ্ছে ‘মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার’। শুক্রবার টুইট করে এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, খেলরত্ন পুরস্কারের নাম বদলে মেজর ধ্যানচাঁদের নামে নামকরণের জন্য অনেক দেশবাসীর অনুরোধ করছিল। মানুষের অনুভূতির কথা বিবেচনা করে ধ্যানচাঁদ জিকে সম্মান জানানো হয়েছে। এই পুরস্কারের নতুন নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার রাখা হল।

খেলরত্ন পুরস্কার ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক ক্রীড়া সম্মান। পুরস্কারটি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে ১৯৯১-৯২ সালে চালু হয়। প্রথম বার এই পুরস্কার পেয়েছিলেন দাবাড়ু বিশ্বনাথন টেন্ডুলকার।

ধ্যানচাঁদ ভারতীয় হকি খেলোয়াড় এবং খেলাধুলার ইতিহাসের অন্যতম সেরা হকি খেলোয়াড়। তাকে বলা হয় ‘হকির জাদুকর’। তিনটি অলিম্পিক স্বর্ণপদক অর্জনের পাশাপাশি অসাধারণ গোল-স্কোরিংয়ের জন্যও তিনি পরিচিত ছিলেন।

-ইত্তেফাক/এফএস