সাকিব-মাহমুদুল্লাহকে হারিয়ে ব্যাটিং ব্যর্থতায় ধুঁকছে বাংলাদেশ। মাত্র ৭৮ রানের মধ্যে গুরুত্বপূর্ণ ৬টি উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা। রানরেটও অনেক কম।
আজ (৭ আগস্ট) মিরপুরে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা।
ওপেনিংয়ে নামা সৌম্য সরকার মাত্র ৮ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান। পরে সাকিব নেমে আজ তেমন সুবিধা করতে পারেননি। ২৬ বল খেলে মাত্র ১৫ রান করে আউট হয়ে যান এই অলরাউন্ডার। পরে দলীয় ৫১ রানের মাথায় আউট হয়ে যান অধিনায়ক রিয়াদও।
কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ওপেনিংয়ে নামা মোহাম্মদ নাইম শেখ। কিন্তু তিনিও দলীয় ৬৮ রানের মাথায় ব্যক্তিগত ২৮ রান করে ফিরে যান। আফিফ হোসেন বড় ইনিংস খেলার ইংগিত দিলেও সুবিধা করতে পারেননি। ১৭ বলে ২০ রানের একটি ইনিংস খেলে আউট হন। আর কেউ বলার মতো স্কোর করতে পারেননি।
টানা তিন ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। যা আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো ফরম্যাটে প্রথমবারের মতো অজিদের সিরিজ হারানোর গৌরব অর্জন করলো লাল-সবুজ বাহিনী।
আজ চতুর্থ ম্যাচ জিতলে সফরকারীদের হোয়াইটওয়াশ করানোর দিকে আরও একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। সেই লক্ষ্যে অপরিবর্তীত একাদশ নিয়েই মাঠে নামে রিয়াদ বাহিনী। কিন্তু ব্যাটিংয়ের যা অবস্থা, জয় না পাওয়ার সম্ভাবনাই ক্রমশ উজ্জল হচ্ছে।
ইত্তেফাক/টিএ
