উইকেট পাওয়ার পর আগ্রাসী উদযাপনের জন্য বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পরিচিতি পান তরুণ পেসার শরিফুল ইসলাম। গত বছর অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেটি ভালোভাবেই টের পেয়েছেন প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানরা। জাতীয় দলে ঢোকার পর সেই উদযাপন বজায় রেখেছেন শরিফুল। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও তা দেখা গেল।
গতকাল শুক্রবার (৭ আগস্ট) অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ম্যাচে আগ্রাসী উদযাপন করে ডিমেরিট পয়েন্ট জুটেছে বাংলাদেশি এই তরুণ পেসারের কপালে। আইসিসি আনুষ্ঠানিকভাবে তাকে তিরস্কারও করেছে।
ম্যাচ চলাকালীন মাঝপথে মিচেল মার্শের সঙ্গে কথা কাটাকাটি হয় শরিফুলের। যদিও পরবর্তীতে কথার সেই লড়াইয়ে যোগ দেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নুরুল হাসান সোহান। তবে তারা ডিমেরিট পয়েন্ট পাননি।
অস্ট্রেলিয়ার ইনিংসের ১৮তম ওভারে মার্শ আউট হওয়ার পর আগ্রাসী উদযাপন করেন শরিফুল। উইকেটটিও তার শিকার।
তার এই আচরণ ভালোভাবে নেয়নি ম্যাচ অফিসিয়াল ও আইসিসি। শরিফুলের বিরুদ্ধে কোড অব কন্ডাক্টের ২.৫ নম্বর ধারা ভঙ্গ করার অভিযোগ আনেন দুই অন ফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার মাসদুর রহমান মুকুল এবং চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ।
তাদের অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল শরিফুলকে তিরস্কৃত করে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করেন।
ইত্তেফাক/টিএ
