গাইবান্ধায় ৯৩টি টিকা কেন্দ্রে গণটিকা প্রদান শুরু

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২২:০৭

গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে মানুষ কোভিড-১৯ এর গণটিকা নিয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে জেলার মোট ৯৩টি টিকা কেন্দ্রে এই গণটিকা প্রদান শুরু হয়েছে। বিকেল ৩টায় টিকা প্রদান কাজ শেষ হয়।

গাইবান্ধার সিভিল সার্জন আ.ক.ম. আখতারুজ্জামান মুঠোফোনে বলেন, জেলায় ৫৫৮ জন স্বাস্থ্যকর্মী টিকা প্রদান করেন। আর তাদের সহযোগিতা করেন স্বেচ্ছাসেবি সংগঠনের সদস্যরা। তিনি আরও বলেন, জেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিনোফার্ম কোম্পানির টিকা প্রদান কাজ সম্পন্ন হয়।

 No description available.

শনিবার সকালে গাইবান্ধা পৌরসভার আবদুল হাই আকবর আলী খান উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, করোনার টিকা নেওয়ার জন্য মানুষের ভীড়। তারা টিকা নেয়ার জন্য প্রচণ্ড রোদের মধ্যে মাঠে সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন। এরমধ্যে নারীর সংখ্যাই বেশি। অপরদিকে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। কেউ খাতায় টিকা নেওয়ার জন্য নাম নিবন্ধন করছেন, কেউ টিকা দিচ্ছেন। এই কেন্দ্রে সকাল সাড়ে নয়টায় টিকাদান শুরু হয়। শেষ হয় দুপুর দুইটায়। এখানে সিনোফার্ম কোম্পানির ২০০টি টিকা প্রদান করা হয়। জাতীয় পরিচয়পত্র দেখেই সবার টিকা দেওয়া হচ্ছে।

শনিবার দুপুরে জেলার সাদুল্লাপুর উপজেলা সদরের বনগ্রাম ইউনিয়ন পরিষদ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, করোনার টিকা নেওয়ার জন্য মানুষের ভিড়। এই কেন্দ্রে সকাল সাড়ে নয়টায় টিকাদান শুরু হয়। শেষ হয় দুপুর আড়াইটায়। এখানে সিনোফার্ম কোম্পানির ৬০০টি টিকা প্রদান করা হয়। 

এদিকে একই অবস্থা দেখা যায় এই উপজেলার ধাপেরহাট ইউনিয়নের টিকা প্রদান কেন্দ্রে। তবে এ কেন্দ্রে মহিলাদের উপচে পড়া ভীড় ছিল।

ইত্তেফাক/এএইচপি