বঙ্গমাতা ছিলেন সঙ্কটে-সংগ্রামে বঙ্গবন্ধুর নির্ভীক সহযাত্রী: পানিসম্পদ উপমন্ত্রী

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২০:৩১

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন সঙ্কটে-সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্ভীক সহযাত্রী। ছোটবেলায় তাঁর বাবা-মা মারা যায়। এরপর থেকে স্বামী-সন্তান-শ্বশুর শাশুড়িই ছিলো তার সবকিছু। বঙ্গবন্ধু যখন জেলে থাকতেন তখন বঙ্গমাতা সন্তান লালন-পালন, শ্বশুর-শাশুড়ির সেবা যত্ন করার পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখভাল করতেন। ছাত্রলীগকে তিনি বিশেষভাবে দেখাশুনা করতেন ও বঙ্গবন্ধুর অবর্তমানে ছাত্রলীগকে সকল প্রকার দিকনির্দেশনা দিতেন। তাদের আর্থিক সহায়তাও করতেন। বঙ্গবন্ধুর সকল সংগ্রামেই তিনি পাশে থেকে অনুপ্রেরণা দিয়েছিলেন।

বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার (৮ আগস্ট) শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও সখিপুর থানা মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু জেলে থাকাকালীন সময়ে গোয়েন্দা নজরদারি এড়িয়ে বঙ্গবন্ধুকে সকল খবরাখবর জানাতেন। তিনি একজন রাষ্ট্রপতির স্ত্রী হয়েও সাধারণ জীবনযাপন করতেন। এমনকি তাঁর সন্তানদেরকেও সেইভাবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন। বঙ্গবন্ধু হত্যার পরে বঙ্গমাতার ব্যাংক হিসেবেও কোনো অর্থ পাওয়া যায় নি। খোকা থেকে মুজিব, মুজিব থেকে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে ওঠার পেছনে যে নারীর অবদান অনস্বীকার্য। তিনি হলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গমাতার কাছ থেকে পরিশুদ্ধ বাঙালি হওয়া এবং মানবিকতার মা হবার শিক্ষা পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গমাতার কাছে থেকেই নারীর মর্যাদা প্রতিষ্ঠা করার অনুপ্রেরণা পেয়েছেন। একজন আদর্শ নারী হিসেবে বঙ্গমাতা সারাবিশ্বে অতুলনীয়। 

এনামুল হক শামীম আরও বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে অর্থনীতি, মানবসম্পদ, অবকাঠামো, নিরাপত্তা, রাষ্ট্র ব্যবস্থাপনা, নারী ক্ষমতায়ন থেকে শুরু করে এমন কোনও ক্ষেত্র নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতেও শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সততায় সেরা, মেধায় সেরা, দক্ষতায় সেরা। সেরাদের সেরা প্রধানমন্ত্রী হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। আজকের এই দিনে আল্লাহর কাছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার আত্মার মাগফিরাত কামনা করি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য তাহমিনা খাতুন শিলু, নড়িয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া আক্তার, সাধারণ সম্পাদক সামসুন্নাহার মায়া, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা, সখিপুর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা বেগম, সাধারণ সম্পাদক সালমা বেগম প্রমুখ।

ইত্তেফাক/এমএএম