সন্তানের মাদক সেবনে অতিষ্ঠ হয়ে গাঁজা ও হেরোইনসহ তাকে পুলিশে সোপর্দ করেছে এক পরিবার। রবিবার (৮ আগস্ট) গাঁজা ও হেরোইনসহ সনেট (২০) নামে ওই মাদকসেবীকে রাজশাহীর বাঘা উপজেলার নারায়নপুর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
স্থানীয়রা জানায়, উপজেলার নারায়নপুর গ্রামের আবুবক্করের ছেলে সনেট গত কয়েক বছর থেকে মাদক সেবনের সঙ্গে সম্পৃক্ত। সে প্রথমে ফেন্সিডিল সেবন করলেও বর্তমানে সে নিয়মিত হেরোইন এবং গাঁজা সেবন করে। মাদক সেবনের জন্য নিয়মিত অর্থের জন্য বাবা-মার প্রতি মানসিকভাবে নির্যাতন করে আসছিল সনেট। এক পর্যায়ে নিরুপায় হয়ে রবিবার সকাল ৯ টায় বাঘা থানা পুলিশের সহায়তা নিয়ে নিজের সন্তানকে পুলিশে সোপর্দ করে সনেটের পরিবার।

বাঘা থানা চত্বরে সনেটের মা নার্গিস বেগম স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, মাদক সেবনের টাকা দিতে ব্যর্থ হলে সে ঘরে রাখা চাল ব্যাগে করে নিয়ে বাজারে বিক্রি করে হলেও নেশা করতো সনেট। একরকম নিরুপায় হয়ে তাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি।
সনেটের বড়ভাই সুইট বলেন, আমরা চাই আইনের আওতায় জেল খেটে সে নিজেকে শুধরে নিক। এতে করে একদিকে তার জীবন রক্ষা পাবে, অপর দিকে আমরা আর্থিক ক্ষতিসাধন থেকে মুক্ত হবো। এ চিন্তা করে আজ সকালে যখন সে নেশা করছিলো তখন আমি ও আমার মা থানায় ফোন করে তাকে পুলিশের হাতে সোপর্দ করি।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা রুঞ্জু করে আটক সনেটকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
ইত্তেফাক/জেডএইচডি
