আবার চালু হলো রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট 

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ২২:২২

ভারতের কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধীর অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত রাখার পর খুলে দিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, দিল্লিতে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। সম্প্রতি মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী। গত বুধবার নিজের টুইটার হ্যান্ডলে সেই ছবি পোস্ট করেন তিনি। এরপরই তার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

রবিবার (৮ আগস্ট) দিল্লির একটি শ্মশানে ৯ বছর বয়সী শিশুটির মরদেহ উদ্ধার হয়। মেয়েটির পরিবার পুলিশে খবর দিতে চাইলে, তাদের বাধা দেওয়া হয়। তাদের বসিয়ে রেখে চোখের সামনেই জোর করে দাহ করে দেওয়া হয় শিশুটির দেহ। মেয়েটির পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাদের মেয়েকে। ওই ঘটনায় শ্মশানের পুরোহিত-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযুক্তদের দাবি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে মেয়েটি।

Rahul Gandhi's Twitter account has been temporarily suspended: Congress |  Business Standard News

এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে থাকা দিল্লি পুলিশের এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরাও। সেই পরিস্থিতিতেই মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করতে যান রাহুল এবং সেই ছবি নিজের টুইটার হ্যান্ডলে পোস্ট করেন, যা নিয়ে আগেই আপত্তি তুলেছিল বিজেপি।

তবে শুধু বিজেপি নয়, জাতীয় শিশু সুরক্ষা কমিশনও বিষয়টি নিয়ে রাহুলের সমালোচনা করে। দিল্লি পুলিশ এবং টুইটার কর্তৃপক্ষকে এ নিয়ে পদক্ষেপ করার আর্জিও জানায় তারা। অভিযোগ পেয়ে প্রথমে রাহুলের টুইটটি সরিয়ে নেয় টুইটার। তার পরই সাময়িকভাবে তার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়।

ইত্তেফাক/এএইচপি