ক্রিকেটের মানচিত্রে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের ব্যবধান অনেক। অস্ট্রেলিয়া দলটা পূর্ণ শক্তির ছিল না, বাংলাদেশ দলেও একই চিত্র। তারপরও শক্তিশালী অজিদের বিরুদ্ধে হোম সিরিজে বড় প্রাপ্তির আশা সবার মনে ছিল না। কিন্তু হোম কন্ডিশনে দুর্বার বোলিংয়ে অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়েছে টাইগাররা। বিশ্বকে তাক লাগিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। চতুর্থ ম্যাচটা হারলেও ইতিবাচক রয়েছে স্বাগতিক শিবির।
এখন বাকি আনুষ্ঠানিকতার শেষ ম্যাচ। আজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ দল। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

টানা ম্যাচ খেলার ধকল সামলাতেই কি না গতকাল মাঠ মুখী হয়নি কোনো দল। দুই দলই বিশ্রামে কাটিয়েছে দিনটা। সিরিজ জুড়ে দুই দলই ব্যাটিংয়ে ভালো করেনি। বোলাররাই দাপট দেখিয়েছেন। চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের ব্যাটসম্যানরা সংগ্রাম করেছেন রান তুলতে গিয়ে। গত শনিবার ব্যাটিং ব্যর্থতার কারণে ৩ উইকেটে হেরেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। ব্যাটিংয়ে উন্নতি তাই স্বাগতিকদের মূল লক্ষ্য।
তরুণ বাঁহাতি পেসার শরীফুল ইসলাম বলছেন, ব্যাটিংয়ে পুঁজি কম হলেও হতোদ্যম হয়নি দল। সম্মিলিত পারফরম্যান্সেই এ সিরিজে ফল পেয়েছে বাংলাদেশ। দলের সবাই ইতিবাচক রয়েছেন, নিজের অবস্থান থেকে সেরাটা দিতে চেষ্টা করছেন। ইতিবাচক চিন্তা, চেষ্টার ধারাবাহিকতা শেষ ম্যাচেও রাখতে চায় টাইগাররা।
জয়ে সিরিজ শেষ করতে মুখিয়ে বাংলাদেশ দল। গতকাল শরীফুল বলেছেন, ‘আমাদের এখন যে দল, সবাই পারফর্ম করতেছে। সবাই সবার ওপর ভরসা রাখতেছে, একজনের ওপর ছেড়ে দিচ্ছে না। সবাই নিজের ওপর ভরসা করতেছে। একজন আউট হলে অপর জন ধরতেছে। তো এ জিনিসটা যতদিন থাকবে তখন জয় পাওয়াটাও সহজ হবে। কারণ সবাই যদি সবার দিক থেকে ইতিবাচক চিন্তা রাখে যে আমি সুযোগ পেলে আমি সেরাটা দিয়েই দলকে জিতিয়ে আনব।’

মাহমুদউল্লাহ, সাকিবের মতো সিনিয়ররাই তরুণদের উজ্জীবিত করছেন। লো স্কোরিং ম্যাচগুলো সেই আত্মবিশ্বাসে জিতেছে বাংলাদেশ। শরীফুল বলেন, ‘রিয়াদ-সাকিব ভাই সবসময়ই ইতিবাচক থাকেন। স্কোর যতই হোক না কেন আমরা নামার আগে খুব ইতিবাচক কথা বলি। তখন এমনিতেই আমাদের মধ্যে সাহস আসে। একটা ইতিবাচক কথা সবসময়ই খেলার অনেক কিছু বদলে দেয়।’
কাটার-স্লোয়ারে মুস্তাফিজ কাঁপাচ্ছেন অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন। টানা দুই ম্যাচে মাত্র ৯ রান করে দিয়েছেন এ বাঁহাতি পেসার। অগ্রজকে দেখে শিখছেন শরীফুল। বোলিংয়ের সময় মুস্তাফিজের পরামর্শও মানছেন এ তরুণ।
টানা চার ম্যাচ একই একাদশ নিয়ে খেলেছিল বাংলাদেশ। আজ শেষ ম্যাচে বাংলাদেশের একাদশেও কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ব্যাটিং লাইনে পরিবর্তনের গুঞ্জন আছে।
ইত্তেফাক/টিআর
